হোম > বিশ্ব > ইউরোপ

স্লোভেনিয়ার জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে

আজকের পত্রিকা ডেস্ক­

স্লোভেনিয়ার নির্বাচনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার। ছবি: পলিটিকো

ইসরায়েল-সংশ্লিষ্ট বেসরকারি গোয়েন্দা সংস্থা ব্ল্যাক কিউবের অপারেটিভরা স্লোভেনিয়ার ভোটে প্রভাব ফেলতে গোপন নজরদারি কার্যক্রম চালিয়েছে। স্লোভেনিয়ার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর ফলে, স্লোভেনিয়ায় এরই মধ্যেই তিক্ত হয়ে ওঠা নির্বাচনী প্রচার আরও তিক্ত হয়ে উঠেছে।

স্লোভেনিয়ার আইনশৃঙ্খলা কর্মকর্তারা বলেছেন, ব্ল্যাক কিউবের প্রধান নির্বাহী ড্যান জোরেলা ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তাপ্রধান জিওরা আইল্যান্ড এবং আরও দুজনকে বহনকারী একটি ব্যক্তিগত জেট বিমান তীব্র শীতের মধ্যে গত ডিসেম্বরের কোনো একটি দিনে রাজধানী লুবজানায় অবতরণ করান। কর্তৃপক্ষের অভিযোগ, দলটি ‘গোপন নজরদারি ও ফোনে আড়িপাতা’ কার্যক্রমে জড়িত ছিল।

অভিযোগ, তারা এমন রেকর্ডিং ফাঁস করতে সহায়তা করেছে যা হাড্ডাহাড্ডি জাতীয় নির্বাচনের কয়েক দিন আগে প্রধানমন্ত্রী রবার্ট গোলোবের সরকারকে দুর্বল করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়। কথিত ওই টেপে প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি, অবৈধ লবিং এবং রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার নিয়ে আলোচনা করতে শোনা যায়। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ব্ল্যাক কিউব কোনো সাড়া দেয়নি।

আগামী রোববার অনুষ্ঠেয় নির্বাচনে গোলোবের মুখোমুখি হচ্ছেন ডানপন্থী জনতাবাদী নেতা ইয়ানেজ ইয়ানশা। জরিপের গড় হিসাবে ইয়ানশা সামান্য এগিয়ে আছেন। গোলোব সতর্ক করে বলেছেন, ইয়ানশা জিতলে ইউরোপীয় ইউনিয়ন হুমকির মুখে পড়বে। অন্যদিকে ইয়ানশার শিবির গোলোবকে দুর্নীতিগ্রস্ত সাবেক জ্বালানি ব্যবসায়ী হিসেবে তুলে ধরছে।

গোলোব বলেন, ‘এ ঘটনায় একটি ইসরায়েলি বেসরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে গোপন নজরদারি ও আড়িপাতা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু আরেকটি ঘটনা নয়, স্লোভেনিয়ার গণতান্ত্রিক প্রক্রিয়ার সততা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।’ তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের কোনো গণতান্ত্রিক সদস্য রাষ্ট্রের নির্বাচনে বিদেশি পক্ষের হস্তক্ষেপের যে কোনো চেষ্টা অগ্রহণযোগ্য।’

স্লোভেনিয়ার নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী ভয়কো ভল্ক জানান, ছয় মাসে ব্ল্যাক কিউবের প্রতিনিধিরা চারবার স্লোভেনিয়া সফর করেছে। ১১ ডিসেম্বর জোরেলাসহ একটি দল ইয়ানশার স্লোভেনিয়ান ডেমোক্রেটিক পার্টির (এসডিএস) সদর দপ্তর যে রাস্তায় অবস্থিত সেখানে সময় কাটায়, যদিও তারা ভবনে ঢুকেছিল কি না তা তিনি নিশ্চিত করেননি।

এসডিএস সম্পর্কে সফরের প্রাথমিক প্রতিবেদন প্রকাশে সহায়তাকারী কর্মী নিকা কোভাচের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ইয়ানশা।

কোভাচ বলেন, “ইয়ানেজ ইয়ানশা হয়তো বিস্মিত হবেন, কিন্তু স্লোভেনিয়ান ডেমোক্রেটিক পার্টি মামলা করলে আমরা খুশি হব। এতে স্পষ্ট হবে এই “প্রাইভেট মোসাদ” স্লোভেনিয়ায় কী করছিল এবং কার সঙ্গে কাজ করছিল।’

এসডিএস বলেছে, যদি প্রতিষ্ঠানটি ‘অকল্পনীয় মাত্রার সব দুর্নীতি সত্যিই উন্মোচন করে থাকে’, তবে লুবজানার মাঝখানে তাদের সম্মানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা উচিত। ইয়ানশা আইল্যান্ডের সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেও কবে তা ঘটেছে মনে করতে পারেননি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক কর্মকর্তাদের প্রতিষ্ঠিত ব্ল্যাক কিউব ২০১০ সাল থেকে তেল আবিব, লন্ডন ও মাদ্রিদ থেকে কার্যক্রম পরিচালনা করছে। তাদের আন্ডারকভার পদ্ধতি আগে থেকেই বিতর্কিত, বিশেষ করে হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনের হয়ে কাজ করার সময়। অভিযোগ ছিল, সাংবাদিক ও অভিযোগকারীদের নজরদারিতে ভুয়া পরিচয় ব্যবহার করা হয়েছিল।

বিদেশেও সংস্থাটি আইনি জটিলতায় পড়েছে। ২০২২ সালে রোমানিয়ার দুর্নীতিবিরোধী প্রধান লরা কোভেসির ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে জোরেলাসহ কয়েকজন অপারেটিভকে অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করেন দেশটির প্রসিকিউটররা। হাঙ্গেরিতে প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সমালোচকদের ভুয়া অনলাইন প্রোফাইল ব্যবহার করে টার্গেট করেছিল।

ভল্ক জানান, স্লোভেনিয়ার গোয়েন্দা সংস্থা সোভা (এসওভিএ) জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে জানিয়েছে যে—স্লোভেনিয়ার নির্বাচনে ‘সরাসরি বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিতপূর্ণ তথ্য’ রয়েছে। তিনি বলেন, ‘এই হস্তক্ষেপ সম্ভবত স্লোভেনিয়ার ভেতর থেকেই কমিশন করা হয়েছে।’ তিনি ছয় মাসে চারবার সফরের বিষয়টি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘ব্ল্যাক কিউব নির্দিষ্ট সময়ে তৈরি করা ভুয়া উপাদান প্রকাশের জন্য পরিচিত, এই ক্ষেত্রে নির্বাচনের ঠিক আগে। এসব কার্যক্রম ব্যক্তিকে রাজনৈতিকভাবে অবমাননা করতে ব্যবহৃত হয়, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং গণতান্ত্রিক নির্বাচনে প্রভাব ফেলতে পারে।’

গোয়েন্দা বিতর্ক ছাড়াও প্রচারণায় তীব্র নীতিগত দ্বন্দ্ব দেখা গেছে। এসডিএস আইনপ্রণেতা রোমানা টোমচ গোলোব সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনা করেন। তিনি বলেন, ‘গোলোব সরকারের চার বছর পর আমরা অর্থনৈতিক পতন দেখছি। তিনি কর অনেক বাড়িয়েছেন, আর আমরা তা কমানোর চেষ্টা করব, যাতে মানুষের পকেটে বেশি টাকা থাকে, শুধু রাষ্ট্রের বাজেটে নয়।’

তিনি গোলোবের সেই সতর্কবার্তাও প্রত্যাখ্যান করেন যে ইয়ানশা ও অরবান ‘ইউরোপীয় ইউনিয়ন ভেঙে দেওয়ার চেষ্টা করবেন’। টোমচ বলেন, ‘আমাদের দল ইয়ানশার নেতৃত্বে অত্যন্ত প্রো-ইউরোপীয়। আমরা ইউরোপকে আরও কার্যকর ও উন্নত করতে চাই। ইউরোপ ধ্বংস করার কোনো ইচ্ছা আমাদের নেই।’

তিনি ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণবিষয়ক কমিশনার মার্তা কসেরও সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন যে—তিনি যুগোস্লাভিয়ার গোপন পুলিশের সঙ্গে যোগাযোগের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন। কেন্দ্র-ডানপন্থী ইউরোপীয় পিপলস পার্টি এ বিষয়ে বিশেষ শুনানির দাবি জানিয়েছে।

গোলোবের জোটে রয়েছে তাঁর ফ্রিডম মুভমেন্ট, সোশ্যাল ডেমোক্র্যাটস এবং দ্য লেফট। তিনি নির্বাচনের ফলকে দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করার ‘ঐতিহাসিক সুযোগ’ বলে উল্লেখ করেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, জ্বালানি সংকট ও উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দিয়ে যাওয়া প্রথম মেয়াদের পর তিনি স্বাস্থ্যসেবা সংস্কার ও অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

তিনি ইয়ানশার শাসনকাল নিয়ে কঠোর সমালোচনা করেন। গোলোব বলেন, ‘আমাদের এমন এক অতি-ডানপন্থী নেতা আছেন যিনি ইতিমধ্যে তিনবার ক্ষমতায় ছিলেন এবং প্রতিবারই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রথমবার হয়তো এসব বিষয় ছিল না, কিন্তু প্রতিবার তিনি ক্ষমতায় এলে নাগরিক অধিকার ও আইনপ্রয়োগের অপব্যবহারের অবস্থা আরও খারাপ হয়েছে।’ তিনি আরও ইঙ্গিত দেন, ইয়ানশা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অনুকরণ করতে পারেন।

জরিপে দেখা যাচ্ছে ইয়ানশার এসডিএস গোলোবের ফ্রিডম মুভমেন্টের চেয়ে প্রায় ৫ শতাংশ পয়েন্ট এগিয়ে, যদিও শেষ পর্যন্ত সরকার গঠন নির্ভর করবে জোট সমীকরণের ওপর। নজরদারির অভিযোগ প্রকাশের আগেই গোলোব সন্দেহজনক অনলাইন কার্যক্রমের কথা বলেছিলেন। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হাইব্রিড যুদ্ধ শুরু হয়েছে, তবে এখনো কোনো রাষ্ট্র বা রাজনৈতিক দলের সঙ্গে তা যুক্ত করা যায়নি। যদিও আমাদের ডানপন্থী জনতাবাদীরা এতে বেশ উপভোগ করছে এবং তথ্য ছড়াতে সহায়তা করছে।’

গোপন বিদেশি সম্পৃক্ততার অভিযোগ এখন নির্বাচনী প্রতিযোগিতাকে আরও বিভক্ত করে তুলতে পারে। অনেকেই এটিকে ইউরোপে উদারপন্থী প্রো-ইইউ শক্তি এবং পুনরুত্থানশীল ডানপন্থী জনতাবাদী আন্দোলনের মধ্যকার এক পরীক্ষামূলক লড়াই হিসেবে দেখছেন।

তথসূত্র: পলিটিকো ইউরোপ

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ধস নামবে মার্কিন অর্থনীতিতে: ফেডারেল রিজার্ভ কর্মকর্তা

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির কারখানায় অগ্নিসংযোগ

ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহার করছে ন্যাটো, যুক্তরাষ্ট্রে অস্ত্র বেচবে না সুইজারল্যান্ড

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, পারাপারে মানতে হবে যে শর্ত

ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আছে ৫০,০০০ সেনা, আরও কয়েক হাজার মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

এবার কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা

তোমরা কাপুরুষ, এই অসহযোগিতা মনে রাখা হবে—ন্যাটো মিত্রদের ট্রাম্প

রীতি ভেঙে বর্তমান প্রেসিডেন্টের ছবিযুক্ত স্বর্ণমুদ্রা আনছে যুক্তরাষ্ট্র

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আয়রন ডোমের তথ্য ইরানে পাচার করেছেন ইসরায়েলি সেনা