হোম > খেলা > ফুটবল

ঈদে দেশের বাইরে থাকায় পরিবারকে খুব মিস করছেন নারী ফুটবলাররা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত ফুটবলাররা। ছবি: বাফুফে

ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বাংলাদেশে বয়ে গিয়েছিল খুশির জোয়ার। কিন্তু ফুটবলারদের তো পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ ছিল না। দেশে যখন ঈদ, তখন ছেলেদের জাতীয় ফুটবল দল ভিয়েতনামে, ছেলেদের অনূর্ধ্ব-২০ ফুটবল দল মালদ্বীপে ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল থাইল্যান্ডে অবস্থান করেছে।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলতে গতকাল দুপুরে থাইল্যান্ডে পৌঁছেছেন মেয়েরা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারার কষ্ট লুকাতে পারেননি মেয়েরা। আজ বাফুফের ভিডিও বার্তায় ডিফেন্ডার সুরমা জান্নাত বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা ভালোভাবে এসে পৌঁছেছি থাইল্যান্ডে। তো ঈদের দিনই আমাদের আসতে হয়েছে। পরিবারকে অনেক মিস করছি। বিশেষ করে, বাবাকে অনেক বেশি মিস করছি। তাঁদের সঙ্গে ঈদ করতে পারলাম না। অনেক মিস করছি বাবা-মাকে। এর আগেও একবার হচ্ছে ঈদের রাতে সুব্রত কাপ খেলতে ভারতে গিয়েছিলাম।’

১ এপ্রিলে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ৪ ও ৭ এপ্রিল চীন ও ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মূল টুর্নামেন্টে নামার আগে আফঈদা খন্দকার, সুরমা জান্নাতরা প্রস্তুতির জন্য আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। সুরমা বলেন, ‘২৫ আর ২৭ তারিখ জর্ডান আর ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ আছে। আমরা প্রস্তুতি নিচ্ছি আর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করব।’

বাংলাদেশের নারী ফুটবলারদের লড়াই করতে হচ্ছে থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গেও। তবু তাঁরা চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। বাফুফের ভিডিও বার্তায় আজ সুরমা বলেন, ‘এখানে অনেক গরম। বাংলাদেশে তো আমরা সকালে ট্রেনিং করেছি। সেখানে (বাংলাদেশ) তো সকালে অতটা গরম নাই। এখানে (থাইল্যান্ড) অনেক গরম। তাও আমরা নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করছি। এখানকার আবহাওয়া অনেক গরম হলেও পরিবেশটা অনেক সুন্দর।’

সুরমার মতো দেশের বাইরে ঈদ করায় মন খারাপ গোলরক্ষক সোনালীরও। বাফুফের ভিডিও বার্তায় সোনালী বলেন, ‘হ্যাঁ। অনেক মিস করছি। প্রথমবারের মতো পরিবার ছেড়ে ঈদ করছি। তো অনেক মিস করছি সবাইকে।’

আবহাওয়া ছাপিয়ে থাইল্যান্ডের পরিবেশ দেখে মুগ্ধ সোনালী। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের গোলরক্ষক বলেন, ‘কালকে এসে আমরা হোটেলে উঠেছি। বিশ্রাম নিয়েছি। তারপরও কালকে অনেক মজা করেছি। নতুন হোটেল। সব জায়গা অনেক সুন্দর ছিল। আজকে প্র্যাকটিস সেশন হইছে, তো এখানে অনেক গরম আবহাওয়ার সঙ্গে আমরা খাপ খাইয়ে নিচ্ছি। আজকে ট্রেনিং সেশন অনেক ভালো লেগেছে। মাঠটা অনেক সুন্দর। চারপাশ অনেক সুন্দর লেগেছে।’

বাংলাদেশ ছেলেদের জাতীয় ফুটবল দল ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পরশু রাতে রওনা দিয়েছেন। গতকাল সকালে হ্যানয় বিমানবন্দরে পৌঁছেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। ২৬ ও ৩১ মার্চ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। যার মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ ২৪ ও ২৮ মার্চ পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলবে। এই দলে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।

ঈদের ছুটির পর ফুটবলারদের ব্যস্ত সূচি

বাংলাদেশ জাতীয় দল

তারিখ প্রতিপক্ষ

২৬ মার্চ ভিয়েতনাম

৩১ মার্চ সিঙ্গাপুর

ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ

তারিখ প্রতিপক্ষ

২৪ মার্চ পাকিস্তান

২৮ মার্চ ভারত

মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

তারিখ প্রতিপক্ষ

১ এপ্রিল থাইল্যান্ড

৪ এপ্রিল চীন

৭ এপ্রিল ভিয়েতনাম

বার্সেলোনা জিতেছে, রাতে রিয়াল জিতবে তো

কেন এখনো দলের সঙ্গে যোগ দেননি হামজা

চোট কাটিয়ে এমবাপ্পে ফেরায় রিয়ালের স্বস্তি

অভিজ্ঞ গোলরক্ষক হারিয়ে কাকে দলে নিল ব্রাজিল

তিন দেশে ঈদ কাটাচ্ছেন দেশের ফুটবলাররা, কারা কোথায়

এবারও প্রতিশোধ নেওয়া হলো না অস্ট্রেলিয়ার, চ্যাম্পিয়ন জাপান

গুয়াতেমালা ম্যাচ বাতিলের পর নতুন দুই প্রতিপক্ষের নাম জানাল আর্জেন্টিনা

মেয়েদের পাঁচ তারকা হোটেলে না রাখায় খোঁচা দিলেন কোচ

কেন রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল

ভিয়েতনামে পৌঁছেই জামাল-শমিতরা বলছেন, ঈদ মোবারক