ধর্ষণের অভিযোগ থাকায় ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না যশ দয়াল—এমন শঙ্কা ছিল আগে থেকেই। এবার সেটাই সত্যি হলো। এবারের আইপিএলে এই পেসারকে নেবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজিটির ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাট বিষয়টি নিশ্চিত করেছেন।
দয়ালের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ রয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে জয়পুর পুলিশ এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনে। এর কয়েক সপ্তাহ আগে গাজিয়াবাদের এক নারীর অভিযোগে এই বোলারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। এসব অভিযোগের পর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। সবশেষ গত বছর আইপিএলের ফাইনালে দেখা গিয়েছিল দয়ালকে। সেবার ১৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালুরুকে শিরোপা জেতাতে অবদান রাখেন তিনি।
বোবাট বলেন, ‘আপনারা জানেন, দয়াল বর্তমানে একটি ব্যক্তিগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পরিষ্কার করে বলছি, এখন পর্যন্ত আমরা তাঁর প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ও সহায়ক ছিলাম। নিশ্চিত করে বলছি, সে আপাতত দলের সঙ্গে যোগ দিচ্ছে না। সে ব্যক্তিগত সমস্যার মধ্যে আছে—এটা আপনারা জানেনই। আমরা শুরু থেকেই তাকে সমর্থন দিয়ে এসেছি এবং সেটার প্রতিফলন দেখা গেছে খেলোয়াড়দের ধরে রাখা বা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে। আমরা দয়ালকে দলে রাখতে চেয়েছিলাম। সে এখনো আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ আছে। স্বল্পমেয়াদে, এমনকি সামনের সময়েও সে এই চুক্তির আওতায় থাকবে।’
দয়ালের সঙ্গে চুক্তি প্রসঙ্গে বোবাট বলেন, ‘আমরা নিয়মিত দয়ালের সঙ্গে যোগাযোগ রাখছি। আজও আমি তাঁর সঙ্গে কথা বলেছি। তবে এই মুহূর্তে তাঁর বা ফ্র্যাঞ্চাইজির জন্য দলের সঙ্গে যোগ দেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত নয়—এমনটাই ঠিক হয়েছে। এ বিষয়ে আপাতত আমরা আর কোনো মন্তব্য করব না। তবে সে আমাদের সমর্থন পাচ্ছে, চুক্তির অধীনেই আছে এবং ব্যক্তিগত পরিস্থিতি কাটিয়ে ওঠার সময় আমরা তাঁর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব।’
দয়ালের বিকল্প নিয়ে ভাবছেন না বোবাট, ‘যদি আমরা দেশীয় খেলোয়াড়দের মধ্যে বিকল্প ভাবি, তাহলে রাসিক সালাম, অভিনন্দন সিং এবং মঙ্গেশ যাদব—এই তিনজনই ভালো অপশন। প্রস্তুতিতে তাঁরা দারুণ পারফর্ম করেছে। তাই আমরা সব অপশন খোলা রেখেছি। নিলামের আগে অফ-সিজনে মঙ্গেশকে স্কাউট করতে আমার বেশ ভালো লেগেছে।’