হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চার দিনে ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারলাইনসের চারটি, এমিরেটস এয়ারলাইনসের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজিরা এয়ারলাইনসের চারটি।
বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইনস।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ৩ মার্চের আরও ২২টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে। সব মিলিয়ে চার দিনে ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ায় বর্তমানে কয়েকটি গন্তব্যে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা ও দুবাই ছাড়া অন্যান্য রুটে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে। পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।