সারা দেশে স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে নওগাঁ-৪ আসনের ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে পৃথক বা স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হলে পরীক্ষার্থীর সংখ্যা, ভৌগোলিক অবস্থান, বিদ্যমান অবকাঠামোর প্রাপ্যতা, জমির প্রাপ্যতা এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় উপজেলা, জেলা বা আঞ্চলিক পর্যায়ে স্বতন্ত্র পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যশোর-৪ আসনের গোলাম রসুলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অনিষ্পন্ন প্রায় ৪৪ হাজার আবেদন নিষ্পত্তির জন্য এককালীন অতিরিক্ত ৩ হাজার ১৫০ কোটি টাকা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। সিলেট-৫ আসনের মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে মোট ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ৪৮৪। ১ হাজার ৩২৭টি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছে। নীতিমালা অনুযায়ী সব মানদণ্ড সঠিক পাওয়া গেলে ক্রমান্বয়ে ভবিষ্যতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।
চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন জানান, বর্তমানে দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। রংপুর-৫ আসনের গোলাম রব্বানীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে ২ হাজার ৪০৫টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে ১ হাজার ৭৭৩টি স্কুল, ১৭৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৪৫৬টি কলেজ রয়েছে।
জামায়াতে ইসলামীর নূরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সহকারী শিক্ষক (সংগীত) পদটি সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি দেওয়া হয়েছে।
সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, সারা দেশে কতজন এতিম রয়েছে, তার পরিসংখ্যান সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নেই। তবে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ৮৫টি শিশু পরিবারে এতিম নিবাসীর সংখ্যা ৬ হাজার ১৩৯। এ ছাড়া অধিদপ্তরে নিবন্ধিত ৪ হাজার ১৯০টি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানায় নিবাসীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৬৬ জন।