হোম > বিশ্ব > ভারত

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ডাকাতির নাটক, ১০ ভারতীয় অভিযুক্ত

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১০ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দোকানে ডাকাতির নাটক সাজিয়ে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। বোস্টনের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি এই ১০ ভারতীয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন দোকানের কর্মীদের সঙ্গে আঁতাত করে সশস্ত্র ডাকাতির নাটক সাজাত। এরপর সেই দোকানের কর্মীরা তাদের ইমিগ্রেশন আবেদনে নিজেদের ‘অপরাধের শিকার’ হিসেবে দেখাত এবং ইউ ভিসার আবেদন করত।

প্রসঙ্গত, ইউ-ভিসা যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ভিসাপ্রক্রিয়া। সাধারণত অপরাধের শিকার ব্যক্তিদের এই ভিসা দেওয়া হয়।

এই জালিয়াতি মামলায় অভিযুক্ত ভারতীয় নাগরিকেরা হলেন জিতেন্দ্রকুমার প্যাটেল (৩৯), মহেশকুমার প্যাটেল (৩৬), সঞ্জয়কুমার প্যাটেল (৪৫), দীপিকাবেন প্যাটেল (৪০), রমেশভাই প্যাটেল (৫২), অমিতা বাহেন প্যাটেল (৪৩), রোনাককুমার প্যাটেল (২৮), সংগীতাবেন প্যাটেল (৩৬), মিনকেশ প্যাটেল (৪২) এবং সোনাল প্যাটেল (৪২)।

তাঁদের মধ্যে দীপিকাবেন প্যাটেলকে ইতিমধ্যে ভারতে ফেরত পাঠানো হয়েছে। রমেশভাই প্যাটেল এবং রোনাককুমার প্যাটেল বর্তমানে ইমিগ্রেশন হেফাজতে রয়েছেন। বাকি অভিযুক্ত ব্যক্তিদের আগে অপরাধমূলক অভিযোগের পর শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সাজা শেষ হওয়ার পর তাঁদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার বা ডিপোর্ট করা হবে।

তদন্তসংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসে এই চক্রের মূল হোতা রমেশভাই প্যাটেল এবং তাঁর সহযোগীরা ম্যাসাচুসেটসসহ বিভিন্ন স্থানে অন্তত ছয়টি দোকানে সাজানো ডাকাতি করেন। তাঁদের মূল উদ্দেশ্য ছিল, ডাকাতির ভুক্তভোগী হিসেবে দোকানের কর্মচারীদের ইমিগ্রেশন আবেদনে ‘অপরাধের শিকার’ হিসেবে দেখাতে সাহায্য করা।

অভিযোগে আরও বলা হয়েছে, এই সাজানো ডাকাতির সময় একজন ভুয়া ডাকাত বন্দুকের ভয় দেখিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে যেত, আর পুরো ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় রেকর্ড হতো। এরপর সেই ডাকাতদের পালিয়ে যাওয়ার জন্য ৫ মিনিট বা তার বেশি সময় অপেক্ষা করে পুলিশকে কল করতেন ওই দোকানের কর্মচারী বা মালিকেরা।

মামলাটির সূত্রপাত মূলত ২০২৩ সালের ডিসেম্বরে আটক হওয়া রমেশভাই প্যাটেল এবং তাঁর গাড়িচালক বলিউন্দর সিংয়ের ওপর তদন্ত থেকে। পরে ২০২৫ সালের মে মাসে তাঁরা দুজনেই দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

কোন শিল্পপতিকে রক্ষায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে মোদি সরকার—প্রশ্ন তৃণমূলের অভিষেকের

তুমি কালো, আমার যোগ্য নও—প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন

পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুনের গোপন ভিডিও ঘিরে তোলপাড়

অবশেষে ইসরায়েলের নাম উল্লেখ না করে লেবাননে হতাহতের নিন্দা জানাল ভারত

বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ৮০টি মামলা, ১০ বছরের আইনি লড়াই শেষে বিচ্ছেদ

ভারতে শুরু হচ্ছে নির্বাচনী মৌসুম, আসাম–কেরালা ও পদুচেরিতে বিধানসভা ভোট আজ

পুলিশি হেফাজতে বাবা-ছেলের মৃত্যু, ভারতে ৯ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

৭ বছর পর ইরান থেকে তেল কিনছে ভারত