হোম > বিশ্ব > এশিয়া

নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছেন দ. কোরিয়ার কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট

আজকের পত্রিকা ডেস্ক­

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ছবিসহ ব্যানার হাতে সমর্থকেরা। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের কারাগার থেকে পাঠানো এক ইস্টার বার্তা ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এই বার্তায় তিনি নিজের পরিস্থিতির সঙ্গে যিশুখ্রিষ্টের কষ্টের তুলনা টেনেছেন, যা ধর্মীয়ভাবে সংবেদনশীল ও অযৌক্তিক।

যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত ৫ এপ্রিল নিজের আইনজীবীর মাধ্যমে পাঠানো বার্তায় ইউন বলেন, ‘সময় যতই কঠিন হোক, মুক্তির আশায় দৃঢ় থাকতে হবে।’ তিনি আরও বলেছেন, ‘যিশুর পুনরুত্থান দেখিয়েছে—দুঃখ-কষ্ট অতিক্রম করলে এই দেশ স্বাধীনতা ও সত্যের মাধ্যমে পুনর্গঠিত হবে।’ একই সঙ্গে তিনি ইস্টার উপলক্ষে জনগণকে কষ্ট সহ্য করে মুক্তির আশায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জানা গেছে, সিউল ডিটেনশন সেন্টারে ইউন সুক ইওলের সঙ্গে সাক্ষাতের পর তাঁর আইনজীবী এই বার্তা প্রকাশ করেন। ইউন এখনো দেশটিতে একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী ধরে রেখেছেন, যারা তাঁর কাছ থেকে অনুপ্রেরণামূলক বার্তা প্রত্যাশা করেন।

তবে সমালোচকেরা বলছেন, এই বার্তার মাধ্যমে তিনি নিজেকে একজন ‘শহীদ’ হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। দেশটির গণতন্ত্রপন্থী সংগঠন ক্যাথলিক প্রিস্টস অ্যাসোসিয়েশন ফর জাস্টিসের নেতা কিম ইন কুক বলেছেন, ‘তিনি নিজেকে যিশুর সঙ্গে তুলনা করছেন—এটি সম্পূর্ণ অযৌক্তিক। ধর্মবিশ্বাসী কেউ এমন কথা বলার সাহস পেতেন না।’

রক্ষণশীল দৈনিক ‘ডং-এ ইলবো’-এর এক সম্পাদকীয়তে ইউনকে ‘অনুতাপহীন’ আখ্যা দিয়ে বলা হয়েছে—তিনি এখনো কোনো অপরাধ স্বীকার করেননি এবং নিজেকে যিশুর মতো ভোগান্তির শিকার হিসেবে দেখাতে চাইছেন।

তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা পার্ক জি ওনও। তিনি বলেন, ‘পুনরুত্থান মানে অনুশোচনা ও আত্মসমালোচনা। কিন্তু ইউন কি তা করেছেন? ঈশ্বর ও যিশুর নাম ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক।’

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির চেষ্টা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অপসারিত হওয়ার পর চলতি বছর ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই রায় দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সাবেক কোনো রাষ্ট্রপ্রধানের জন্য সর্বোচ্চ শাস্তির নজির।

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

যুদ্ধবিরতির মাঝে ইরানের আকাশে ড্রোন

যুদ্ধবিরতি নিয়ে অসন্তুষ্ট ইরানের কট্টরপন্থীরা

লেবানন এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পেয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান শাহবাজ শরিফের

ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

যুদ্ধবিরতির পর সৌদি আরবের একমাত্র সচল তেলের পাইপলাইনে ইরানের হামলা

আলোচনা ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

যুদ্ধবিরতিতে বিশ্বনেতাদের স্বস্তি