রাজধানী ঢাকায় গতকাল সোমবার সন্ধ্যার পর বয়ে যায় কালবৈশাখী। আজ মঙ্গলবার ভোরবেলায়ও এই অঞ্চলের আকাশ ছিল হালকা মেঘাচ্ছন্ন। তবে আজ দিনের যেকোনো সময় ৪৫ থেকে ৬০ গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে।
এই কালবৈশাখী শুধু ঢাকাতেই নয়; ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।
আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বেলা ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় গরম কিছুটা বেড়েছে। গতকাল সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ হয়েছে ২৬ দশমিক ৭।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে।