নতুন চমক নিয়ে হাজির হলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের মেয়ে শিলো জোলি। মা-বাবার পথ ধরে শিলোও বিনোদন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করছেন। এবার তিনি পা রাখলেন কে-পপের দুনিয়ায়। জনপ্রিয় কে-পপ শিল্পী দায়োংয়ের নতুন গানের ভিডিওতে দেখা যাবে শিলোকে।
‘হোয়াটস আ গার্ল টু ডু’ শিরোনামের নতুন একটি গান নিয়ে আসছেন দায়োং। সম্প্রতি গানটির ভিডিওর ২৬ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে স্টারশিপ এন্টারটেইনমেন্ট। তাতে শিলোকে একজন ড্যান্সার হিসেবে দেখা গেছে। টিজারে তাঁর অসাধারণ নাচের মুদ্রা আর আত্মবিশ্বাস দেখে ভক্তরা মুগ্ধ।
১৯ বছর বয়সী শিলো ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী। তাঁকে প্রায়ই লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন নামী ড্যান্স স্টুডিওতে প্র্যাকটিস করতে দেখা যেত। তবে পেশাদার কোনো মিউজিক ভিডিওতে, বিশেষ করে কে-পপ ইন্ডাস্ট্রিতে তাঁর অভিষেক হবে, তা কেউ ধারণা করতে পারেননি।
মা-বাবার পরিচয় নয়, বরং নিজের যোগ্যতায় এ মিউজিক ভিডিওতে সুযোগ পেয়েছেন শিলো। স্টারশিপ এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘দায়োংয়ের মিউজিক ভিডিওর জন্য শিল্পী বাছাই করতে আমরা যুক্তরাষ্ট্রে একটি উন্মুক্ত অডিশনের আয়োজন করেছিলাম। শিলো চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়ে দায়োংয়ের মিউজিক ভিডিওতে যোগ দেন। শুটিং শেষ হওয়ার পরও আমরা বুঝতে পারিনি তিনি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সন্তান। সম্প্রতি আমরা ঘটনাক্রমে বিষয়টি জানতে পারি।’
‘হোয়াটস আ গার্ল টু ডু’ গানের ভিডিওর শুটিং হয়েছে সিউল ও প্যারিসে। এ বছরের অন্যতম ব্যয়বহুল মিউজিক ভিডিও হতে যাচ্ছে এটি।
অ্যাঞ্জেলিনা জোলির বড় ছেলে ম্যাডক্স দক্ষিণ কোরিয়ার ইয়োনসে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সেই সুবাদে কোরিয়ার সঙ্গে জোলি পরিবারের একধরনের আত্মিক যোগাযোগ আগে থেকেই ছিল। সেই ধারাবাহিকতায় শিলো এবার কোরিয়ান বিনোদনজগতে পা রাখলেন।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দায়োং ও শিলোর এই কোলাবরেশন নিয়ে ব্যাপক চর্চা চলছে। প্রতীক্ষিত মিউজিক ভিডিওটি মুক্তি পাবে আগামী সপ্তাহে।