হোম > বিনোদন > সিনেমা

নভেম্বরে আসছে ফ্যামিলি ম্যান সিরিজের তৃতীয় সিজন

বিনোদন ডেস্ক

দ্য ফ্যামিলি ম্যান সিরিজে মনোজ বাজপেয়ি

ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নাম। শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় আমাজন প্রাইম ভিডিওতে প্রচারিত সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন।

গতকাল প্রোমো প্রকাশ করে অনেকটা কমেডির ধাঁচে প্রাইম ভিডিও জানিয়েছে ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনের মুক্তির তারিখ। ভিডিওতে দেখা গেছে, গোয়েন্দাগিরি ভুলে এবার গায়ক হতে মরিয়া শ্রীকান্ত তিওয়ারি! দিনভর বেসুরো কণ্ঠে গানের চর্চা চালিয়ে যাচ্ছে। এ কারণে পরিবার তো বটেই, শ্রীকান্তের ওপর বেজায় বিরক্ত তার সহকর্মীরাও। শ্রীকান্তর স্ত্রী সুচিত্রা জানায়, দ্বিতীয় থেকে তৃতীয় সিজনের মধ্যকার এই চার বছরে অনেক কিছু বদলে গেছে তাদের জীবনে। মেয়ে কলেজে ভর্তি হয়েছে, ছেলেও বড় হয়েছে। কিন্তু শ্রীকান্ত সেই একই রকম থেকে গেছে।

প্রোমো দেখে আন্দাজ করা যায়, আগের মতোই যেভাবে দক্ষ হাতে মধ্যবিত্ত গোয়েন্দা শ্রীকান্ত একই সঙ্গে পরিবার ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সামলায়; এবারও সে গল্প পাওয়া যাবে। গল্পে উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু ইস্যু উঠে আসবে বলে জানা গেছে। তবে এবার কিন্তু ওয়ান ম্যান শো হবে না। আগে যেভাবে শ্রীকান্ত চরিত্রে একাই বাজিমাত করে দিতেন মনোজ, এবার এসেছে তাঁর প্রতিদ্বন্দ্বী। এবার লড়াই হবে সেয়ানে সেয়ানে। কারণ, তৃতীয় সিজনে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন।

ফ্যামিলি ম্যান সিরিজের পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকে বলেন, ‘বছরের পর বছর ধরে যেভাবে এ সিরিজের প্রতি দর্শকেরা ভালোবাসা জানিয়েছেন, তা সত্যিই অসাধারণ। তৃতীয় সিজনে থাকবে আরও অ্যাকশন, আরও চমৎকার গল্প আর অনবদ্য অভিনয়। এবারের সিজনে শিকারিই হবে শিকার। শ্রীকান্তকে এমন কঠিন পরিস্থিতিতে পড়তে হবে, যা আগে সে কখনো কল্পনাও করেনি। তার ক্যারিয়ার আর পরিবারও হুমকির মুখে পড়বে।’

আগামী ২১ নভেম্বর থেকে ২৪০টির বেশি দেশ থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

ফুটবল বিশ্বকাপের পর আসছে ‘শেকড়’

মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু