হোম > সারা দেশ > রাঙ্গামাটি

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

রাঙামাটি প্রতিনিধি 

আজ মধ্যরাত থেকে আগামী তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হচ্ছে। আগামী তিন মাস হ্রদে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সম্প্রতি জেলা প্রশাসন ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, সাধারণত প্রতিবছর ১ মে থেকে হ্রদে মাছ ধরা বন্ধ করা হলেও এবার হ্রদে পানির স্তর অস্বাভাবিক কমে যাওয়ায় মাছের মজুত রক্ষায় নির্ধারিত সময়ের আগেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে হ্রদে মাছ শিকার বন্ধে বিএফডিসি ও নৌ পুলিশের বিশেষ টহল দল মোতায়েন থাকবে। কোনোভাবেই যেন হ্রদ থেকে মাছ আহরণ বা পাচার হতে না পারে, সে জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি করবে। অবৈধ মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে।

নিষেধাজ্ঞার এই সময়ে হ্রদে পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বিএফডিসি। এদিকে মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়া হাজার হাজার জেলের কথা বিবেচনা করে সরকারিভাবে বিশেষ রেশনের ব্যবস্থা করা হয়েছে। তালিকাভুক্ত জেলেরা এই তিন মাস ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ চাল পাবেন।

বিএফডিসির তথ্যমতে, গত অর্থবছরে কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণের পরিমাণ ছিল সাড়ে ৯ হাজার টন, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা। সঠিক সময়ে নিষেধাজ্ঞা কার্যকর ও পোনা অবমুক্তকরণের ফলেই উৎপাদন ও রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।

কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত হলো ৭ ফুট দীর্ঘ অজগরটি

পাহাড়ধসের ৯ বছর: পাহাড়ের গায়ে ঝুঁকিপূর্ণ বসবাস, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, রাঙামাটিতে মানববন্ধন

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ, উৎপাদন মাত্র ৫৮ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: দলীয় কোন্দল, পরিষদ গঠনে বিলম্বে পদ হারান দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া চা-বাগানে বন্য হাতির আতঙ্ক, ঘরবাড়ি ছাড়ছেন চা-শ্রমিকেরা

রঙিন আমে নতুন স্বপ্ন

কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত