হোম > সারা দেশ > লালমনিরহাট

গুলিতে বাংলাদেশি কৃষক আহতের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ, ফেরত দেওয়া হলো ভারতীয় কৃষককে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রামের গাটিয়ারভিটায় গ্রামবাসীদের মাঝে ভারতীয় কৃষক সহদেব বর্মণ। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান (২০) আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই সঙ্গে জড়িত বিএসএফ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা এবং এ ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

আজ সোমবার বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে সকালে বিএসএফের গুলিতে ওই কৃষক আহত হন। ঘটনার পর উত্তেজিত জনতা সীমান্তের ওপাশ থেকে সহদেব বর্মণ (৪০) নামের এক ভারতীয় কৃষককে দুটি গরুসহ বাংলাদেশের অভ্যন্তরে ধরে নিয়ে আসে। এতে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়।

এ ঘটনায় সীমান্তের শূন্যরেখায় অসংখ্য বিএসএফ সদস্য অবস্থান নেন। সীমান্তের কাছাকাছি এলাকার বসতবাড়ির নারীরা বাড়িঘর ছেড়ে শিশুদের নিয়ে নিরাপদ স্থানে চলে যান। পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহত মিজান গাটিয়ারভিটার গ্রামের ডাঙারবাড়ী এলাকার মফিজুল ইসলামের ছেলে। আর সহদেব বর্মণ ভারতের কোচবিহারের কুচলিবাড়ী থানার ৯৪ ফুলকাডাবরী এলাকার হরেন্দ্র নাথ বর্মণের ছেলে।

বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানান, ভারতের কোচবিহার রাজ্যের কুচলিবাড়ি থানার ফুলকাডাবরী গ্রামের ডাঙিরটারী সীমান্তের বাংলাদেশ-ভারত প্রধান পিলার ৮২৬ নম্বরের ১ নম্বর উপপিলার-সংলগ্ন শূন্যরেখার অপর দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা গ্রামের ডাঙারবাড়ী এলাকা।

এই পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে শূন্যরখোর দুই দিকে নিজেদের জমি চাষাবাদ করেন উভয় দেশের কৃষক। সোমবার সকালে নিজেদের ভুট্টাখেতে পরিচর্যার পাশাপাশি ঘাস আনতে যান মিজান। এ সময় ভারতের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের টহল দলের একজন সদস্য মিজানকে ডেকে একটি ভুট্টার মোচা দেখতে চান।

মিজান ভুট্টার মোচা দেওয়ার সময় পাশে থাকা অপর একজন বিএসএফ সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এতে মিজানের ডান কাঁধে গুলি লাগে। অল্পের জন্য বেঁচে যাওয়া মিজান হামাগুড়ি দিয়ে ভুট্টাখেত হয়ে আসার সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে রংপুরে তিনি চিকিৎসাধীন।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বাংলাদেশ-ভারত প্রধান পিলার ৮২৮ নম্বরের ৩ থেকে ৪ নম্বর উপপিলার-সংলগ্ন শূন্যরেখার জমি চাষাবাদ করতে থাকা ভারতীয় কৃষক সহদেব বর্মণকে দুটি গরুসহ বাংলাদেশের ভেতরে ধরে নিয়ে আসে। পরে শূন্যরেখার প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে অসংখ্য বিএসএফের সদস্য অস্ত্র হাতে অবস্থান নেন। এতে সীমান্তে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১-এর (তিস্তা-২) ধবলসুতি ক্যাম্পের নায়েব সুবেদার বাদশা মিয়া বিএসএফের ওই ক্যাম্পের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন।

পরে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৭ নম্বরের উপপিলার ৫ থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাটিয়ারভিটা এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির ৬১-এর (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম।

অপর দিকে ভারতের পক্ষে ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুনীল কুমার। বৈঠক শেষে ভারতীয় কৃষক সহদেব বর্মণকে দুটি গরুসহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সভায় দুঃখ প্রকাশের পাশাপাশি গুলি ছোড়ায় জড়িত বিএসএফ সদস্যের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা এবং আর এ ধরনের ফায়ারিংয়ের (গুলির) ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট।

এ বিষয়ে বিজিবির ৬১-এর (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, পতাকা বৈঠকে বিজিবি গুলি ছোড়ার প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে আর এ ধরনের ঘটনা ঘটবে না এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানায়। ভারতীয় কৃষককে গরুসহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার

লিবিয়ায় জিম্মি চার বাংলাদেশি, নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগ

গণভোটের পক্ষে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

পাটগ্রামে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৮ জন আহত

ট্রাকের ধাক্কায় একই পরিবারের মোটরসাইকেল আরোহী তিনজন নিহত

সরকারি কর্মকর্তারা সময়মতো অফিসে না এলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তিস্তার চর