হোম > সারা দেশ > ঝালকাঠি

কলেজের অধ্যক্ষের ঘুষিতে ভাঙল কম্পিউটার অপারেটরের দাঁত

ঝালকাঠি প্রতিনিধি  

মো. ওয়াহিদুজ্জামান। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে একটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কর্মচারীর দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

গতকাল সোমবার (১৮ মে) সকালে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ ঘটনা ঘটে।

আহত কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, গত বছরের কোরবানির ঈদের পর কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। পরে কয়েক মাস ঘোরানোর পর সম্প্রতি সেই টাকা পরিশোধ করেন। বিষয়টি প্রতিষ্ঠানের অন্য শিক্ষক-কর্মচারীদের মধ্যে আলোচনা হলে অধ্যক্ষ তাঁর ওপর অসন্তুষ্ট হন।

ওয়াহিদুজ্জামান আরও জানান, গতকাল সকালে অধ্যক্ষ তাঁকে কলেজের অফিসের কক্ষে ডেকে নেন। সেখানে টাকা ধার নেওয়ার বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ উত্তেজিত হয়ে তাঁকে ঘুষি মারেন। এতে তাঁর মুখে গুরুতর আঘাত লাগে এবং দুটি দাঁত ভেঙে যায়। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মো. হাফিজুর রহমান বলেন, ‘উত্তেজনার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমি দুঃখ প্রকাশ করছি। কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এস এম সুলতান মাহমুদের মোবাইল ফোনে কল দিলেও পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত

ফেসবুক পোস্টে এনসিপি ঝালকাঠি আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগের ঘোষণা

ঈদে কোটি টাকার গরু বিক্রির আশা গৃহবধূ ইলার

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় ব্র্যাকের কর্মী নিহত

কাঠালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

ঝালকাঠিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৫, গাড়িতে আগুন

মিথ্যা যৌন হয়রানির অভিযোগে কারাগারে পুত্রবধূ, জামিন পেলেন শ্বশুর