হোম > খেলা > ফুটবল

১২ বছর পর থাইল্যান্ডের সামনে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের প্রীতি ম্যাচ আজ। আগের দিন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু হতে বাকি আরও চার মাস। এই সময়টায় আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আরও পোক্ত করার লক্ষ্য আফঈদা-ঋতুপর্ণাদের। তা পরখ করে দেখার সুযোগ মিলছে আজ থেকে।

থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ এখন ব্যাংককে। থনবুরি বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। র‍্যাঙ্কিংয়ে অবশ্য থাইল্যান্ডের (৫৩) চেয়ে ৫১ ধাপ পিছিয়ে বাংলাদেশ (১০৪)। তবে একটি ক্ষেত্রে এগিয়ে আছে পিটার বাটলারের দল। দুটি বিশ্বকাপ খেলা থাইল্যান্ড যে এবার জায়গা করে নিতে পারেনি এশিয়ান কাপে।

গত জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইয়ের পর বাংলাদেশ মাঠে নামছে আজ। থাইল্যান্ড অবশ্য আগস্টে খেলেছে আসিয়ান চ্যাম্পিয়নশিপ। সেমিফাইনালে মিয়ানমারের কাছে হেরে বিদায় নেয় তারা। অথচ সেই মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশ টিকিট কাটে এশিয়ান কাপের।

র‍্যাঙ্কিংয়ের ব্যবধানটা বড় হলেও তাই মাঠের দুই দলের মধ্যে খুব একটা বড় পার্থক্য থাকবে না। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একবারই সাক্ষাৎ হয় বাংলাদেশের। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে বাংলাদেশ হজম করে ৯ গোল। বিপরীতে একবারও খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল। এক যুগ আগে-পরের বাংলাদেশের পরিবর্তন অনেকটা আকাশ-পাতালের মতো।

থাইল্যান্ডে যাওয়ার আগে চট্টগ্রামে শিষ্যদের ২১ দিন নিবিড় অনুশীলন করিয়েছেন বাটলার। যদিও পুরো দলকে তিনি হাতে পেয়েছিলেন একটি সেশনেই। থাইল্যান্ডে দুই দিন অনুশীলনের পর গতকাল গোলরক্ষক কোচ মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘থাইল্যান্ডে আজ দ্বিতীয় দিনের মতো আমরা সেশন শেষ করলাম। চেষ্টা করছি আমাদের দুর্বলতা এবং প্রতিপক্ষের শক্তির দিকগুলো নিয়ে কাজ করার। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, মেয়েরা সেভাবে করার চেষ্টা করছে এবং তারা ভালো করছে। আমরা যারা কোচিং স্টাফে আছি, মেয়েদের সাহায্য করার চেষ্টা করছি। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে ইনফরমেশন দেওয়ার দরকার, সেটা দিচ্ছি। চেষ্টা করছি তাদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে।’

গোলরক্ষক রুপনা চাকমাও সেরাটা দিতেই আত্মবিশ্বসী, ‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই জয় চাই। প্রস্তুতি মোটামুটি অনেক ভালো।’

বাংলাদেশকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতিতে চোখ থাইল্যান্ডের মিডফিল্ডার পিতসামাই সর্নসাইয়ের, ‘বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ আমাদের খুবই কাজে দেবে। তারা এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে হারিয়েছে এবং মূল পর্বে জায়গা করে নিয়েছে। এই ম্যাচ আমাদের এসইএ গেমসের আগে নিজেদের যাচাই করার সুযোগ দেবে। যেহেতু ফিফা উইন্ডোর ম্যাচ, তাই র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে। আমরা আমাদের সেরাটা দেব।’

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ