হোম > খেলা > ফুটবল

সেই ভারতের কাছেই হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যাচের ৭৫ মিনিটেই বোঝা গেছে, ফাইনালের ফল কী হচ্ছে। তখনই চোখের সামনে ভেসে উঠল ২০২২ অনূর্ধ্ব-১৭ সাফের সেমিফাইনাল। সেই সেমিফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হারা দলের ৬ ফুটবলারকে নিয়ে গড়া হয়েছিল এবারের অনূর্ধ্ব-১৬ সাফ বাংলাদেশ দল।  আজ ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে ২-০ গোলে হেরে গেল বাংলাদেশ। 

ফাইনালে আজ অবশ্য ভারতের কাছে যে খুব বেশি কোণঠাসা ছিল বাংলাদেশ এমনটাও নয়। বল পায়ে বরং দাপট বেশি ছিল বাংলাদেশের। কিন্তু দুই দলের মধ্যে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে ভারতের ফিনিশিং। অল্প কয়েক সুযোগ কাজে লাগিয়ে ছোটদের ভারত পেয়েছে দুই গোল। আর বাংলাদেশের পরিকল্পনা সব মার খেয়েছে তালগোল পাকানো আক্রমণে। 

ভারতের আক্রমণে বাংলাদেশের রক্ষণে প্রথম ফাটল ধরে ম্যাচের ৮ মিনিটের মাথায়। নিজেদের রক্ষণের ভুলে ভারতকে গোলের সুযোগ দিয়ে বসে বাংলাদেশ। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ গোলরক্ষক নাহিদুল ইসলামের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান ভরত লাইরেনজম। 

বাংলাদেশের গোল শোধ হয়ে যেতে পারত ১৭ মিনিটেই। সতীর্থের লম্বা করে বাড়ানো বলে ভারত গোলরক্ষক সুরাজ সিংকে একা পেয়েও দেরি করে ফেলেন বাংলাদেশি ফরোয়ার্ড মুর্শেদ আলী। সুযোগ নষ্ট করার কিছুক্ষণ বাদেই মুর্শেদকে তুলে নেন বাংলাদেশ কোচ সাইফুর রহমান মনি। 

প্রথমার্ধে আরও বেশ কয়েকবার আক্রমণে উঠেছে বাংলাদেশ, কিন্তু প্রতিবারই তালগোল পাকানো ফিনিশিংয়ে পাওয়া হয়নি গোল। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিট পর্যন্তও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের পায়ে। কিন্তু ৭৩ মিনিটে বাংলাদেশের হাত থেকে সেই নিয়ন্ত্রণ কেড়ে নেন লিভাইস জাংমিনলুম। 

ভারতের প্রথম গোলের উৎস ছিলেন মিডফিল্ডার লিভাইস। নিজেদের বক্সে তাঁকে শট নেওয়ার মতো যথেষ্ট জায়গা করে দিলেন বাংলাদেশি ডিফেন্ডাররা। বাঁ পায়ে বেশ জোরের সঙ্গেই শট নিলেন লিভাইস, বাংলাদেশ গোলরক্ষক ফেরানোর কোনো সুযোগই পাননি। তাঁর এই গোলে নিশ্চিত হয় বয়সভিত্তিক সাফে ভারতের পঞ্চম শিরোপাও।

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা