হোম > খেলা > ফুটবল

হামজা-শমিতদের কাছ থেকে শিখছেন বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমের মতো প্রবাসী ফুটবলাররা আসায় দেশের ফুটবলে প্রাণ ফিরে পেয়েছে। তাঁদের ম্যাচ দেখতে দেশের স্টেডিয়ামের গ্যালারি থাকে হাউসফুল। এমনকি টিভি সেটের সামনে বসে থাকেন কোটি কোটি ফুটবলপ্রেমী। মন্ত্রমুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাঁদের খেলা দেখেন দর্শকেরা।

২০২৫ সালের মার্চে অভিষেকের পর হামজা হয়ে উঠেছেন বাংলাদেশ দলের প্রাণভোমরা। ঘরের মাঠে তো বটেই, অ্যাওয়ে ম্যাচেও শোনা যায় ‘হামজা, হামজা’ শ্লোগান। কখনো বাইসাইকেল কিকে, কখনোবা হেডে দৃষ্টিনন্দন গোলে দর্শকদের মুগ্ধ করেন তিনি। পুরো মাঠ চষে বেড়ানো হামজা প্রতিপক্ষকে বোতলবন্দী করে রাখতেও পারেন দারুণভাবে।

হামজা-শমিতদের কাছ থেকে অনেক কিছু শিখছেন বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বিশ্বনাথ বলেন, ‘আপনারা জানেন যে তারা খেলছে। বা তাদের খেলা আমি টিভিতে দেখেছি। হামজা ভাই বা শমিত দার কথা না বললেই নয়। তারা বড় মাপের ফুটবলার। তাদের সঙ্গে অনুশীলন করাটা উপভোগ করছি। অনেক কিছু শিখছি। সব মিলিয়ে জাতীয় দলে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। সব কিছু মিলে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ খেলতে ২০ মার্চ রাতে রওনা দিয়ে পরের দিন (২১ মার্চ) সকালে হ্যানয়ে পৌঁছেছেন জামাল ভূঁইয়া, শমিতরা। কিন্তু হামজা এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। কারণ, ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল লেস্টার সিটির ম্যাচে হামজার নাম ছিল। বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, আজ তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে উঠে আগামীকাল ভিয়েতনাম সময়ে ৩টা ২৫ মিনিটে পৌঁছাবেন হামজা।

হামজাকে না পেলেও শমিতসহ অন্যান্য সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন বিশ্বনাথ। ভিয়েতনাম থেকে বাফুফের ভিডিও বার্তায় বিশ্বনাথ বলেন, ‘এখনো হামজা ভাইকে পাইনি। তিনি এখনো আসেননি। তাঁর কোনো কিছুই এখনো দেখিনি। যেমন শমিত দার খেলা দেখেছি। তিনি অনেক পেশাদার ফুটবলার। তাঁর ব্যাপারটা দেখছি এখন। সেই দিক থেকেও তাঁর কাছ থেকে অনেক ভালো কিছু শেখার আছে। অনুশীলনের আগে বা অনুশীলনের বাইরে কী করে—অনেক কিছুই ফলো করছি এবং দেখছি। যা যা ইতিবাচক মনে হচ্ছে, তা শিখছি।’

কার্ডের নিষেধাজ্ঞা থাকায় ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দলে নেই তপু বর্মণ। তাঁর অনুপস্থিতিতে রক্ষণভাগে বিশ্বনাথকে ফিরিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তাতে দেড় বছর পর জাতীয় দলে ফিরছেন বিশ্বনাথ। চোটে পড়া এই ডিফেন্ডার কবে মাঠে ফিরবেন, সেই অপেক্ষাতেই দিন গুনছিলেন। বিশ্বনাথ বলেন, ‘দীর্ঘ চোট কাটিয়ে কবে মাঠে ফিরব, সেই চিন্তা ছিল। জাতীয় দল নিয়ে অত চিন্তা করিনি। ঘরোয়া লিগ নিয়ে চিন্তা করেছি। যদি ঘরোয়া লিগ খেলতে পারি, অবশ্যই জাতীয় দলে ফিরব। সৃষ্টিকর্তার আশীর্বাদে চারটা ম্যাচ খেলেছি। তখন হয়তোবা কোচের মনে হয়েছে যে আমি তাঁদের দৃষ্টিতে আশানুরূপ পারফর্ম করেছি। হয়তোবা সেকারণে আমাকে এখানে ডেকেছে। এখানে আসা নিয়েই সন্তুষ্ট থাকতে চাই না। নিজের সর্বোচ্চটা দিয়ে যেন দলের জন্য কিছু করতে পারি বা জায়গাটা পোক্ত করতে পারি, সেটাই আমার চাওয়া।’

ইংলিশ চ্যাম্পিয়নশিপে গতকাল ভিকারাজ রোড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়াটফোর্ড-লেস্টার সিটি। হামজা লেস্টার সিটির দলে থাকলেও তাঁর কাটাতে হয়েছে বেঞ্চে বসেই। এই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ৩৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২২ নম্বরে অবস্থান করছে লেস্টার। তারা জিতেছে ১১ ম্যাচ, হেরেছে ১৬ ম্যাচ ও ১২ ম্যাচ ড্র করেছে। চ্যাম্পিয়নশিপে খেলছে ২৪ দল।

ভিয়েতনাম-ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হামজা-শমিতরা খেলবেন সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। ৩১ মার্চ হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।

১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৫ ও ২ । প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

পাকিস্তান-ম্যাচের আগে মাঠ নিয়ে বাংলাদেশের অভিযোগ

বিশ্বকাপ শেষে বদলে যাচ্ছে ফ্রান্সের কোচ

ইউরোপ ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার

বিশ্বকাপের আগে বাড়তি বিশ্রাম পাচ্ছেন না মেসি, কারণ কী

‘আমি এমন ম্যাচের জন্যই পরিশ্রম করি’

আমিও তো মানুষ—মৌসুমের প্রথম শিরোপা জিতে গার্দিওলা

জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়ার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

বার্সেলোনা জিতেছে, রাতে রিয়াল জিতবে তো

কেন এখনো দলের সঙ্গে যোগ দেননি হামজা

চোট কাটিয়ে এমবাপ্পে ফেরায় রিয়ালের স্বস্তি