হোম > খেলা > ফুটবল

টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফাইল ছবি

একই দিনে প্রায় কাছাকাছি সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল আবাহনী লিমিটেড। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে আকাশি-নীল জার্সির ক্রিকেটাররা। আর ১২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেদনায় পুড়ছে ধানমন্ডির ক্লাবটির ফুটবল দল। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।

ময়মনসিংহে আজ ফাইনালের আয়োজনটা ছিল সংক্ষিপ্ত। কারণ একই ফাইনাল মাঠে গড়ায় গত মঙ্গলবারেও। কিন্তু ঝড়-বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে সেদিন শেষ করা যায়নি ম্যাচটি। বাকি থাকে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের খেলা। এই ১৫ মিনিটেই একজন বেশি খেলার সুবিধা নিয়ে ম্যাচটি শেষ করতে চেয়েছিল আবাহনী। কিন্তু দুই দলের কেউই সেভাবে আক্রমণ সাজাতে পারেনি। এর মধ্যে তিনবার হলুদ কার্ড দেখান রেফারি। এর আগে ১০৫ মিনিটে দেখিয়েছিলেন ১১টি হলুদ কার্ড। ১২০ মিনিট ১-১ ব্যবধানে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

যেখানে নায়ক বনে যান বসুন্ধরার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর এমেকা ওগবুহর শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। সেই খুশিতে নাচতে থাকেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের মতো। এরপর ঠেকিয়েছিলেন মিরাজুলের শটও, কিন্তু তাঁর ভুলের কারণে পেনাল্টিটি আবার নেওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। শ্রাবণ সেই শট ফেরাতে পারেননি অবশ্য, তবে বসুন্ধরাকে তেমন অসুবিধায় পড়তে হয়নি। দাসিয়েল সান্তোসের নেওয়া শেষ শটটি জালে জড়ালে উৎসবের গান গায় তারা।

দাসিয়েলের আগে টাইব্রেকারে বসুন্ধরার হয়ে গোল করেন ইনসান হোসেন, তপু বর্মন, শেখ মোরসালিন ও জনাথন ফার্নান্দেজ। মিরাজুলসহ আবাহনীর হয়ে গোলের দেখা পান রাফায়েল অগুস্তো ও সবুজ হোসেন। কিন্তু দ্বিতীয় শট নিতে গিয়ে ভুলটি করেন এমেকা।

গত মঙ্গলবার ময়মনসিংহে মঙ্গলবার ১০৫ মিনিটের ফাইনাল অমীমাংসিত ছিল ১-১ সমতায়। গোল দুটি অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের প্রথমার্ধে হয়েছে । ষষ্ঠ মিনিটে সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকে হুয়ান লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। কিন্তু ম্যাচের ১৫ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম । এমেকা ওগবুহর চুলচেরা পাসে টোকা মেরে জাল কাঁপান তিনি। ঝড়ের কারণে ১ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকে খেলা । পরে ভেজা মাঠে খেলা শুরু হলেও আর কোনো গোল হয়নি। তবে ১০২ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা।

স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় ১০৫ মিনিটের পর সেদিন রেফারি খেলা চালানো আর সম্ভব মনে করেননি। আবাহনী অবশ্য খেলতে চেয়েছিল। তবে রেফারির সিদ্ধান্ত খুশিমনে মেনে নেয় বসুন্ধরা। এক সপ্তাহ পর টাইব্রেকার রোমাঞ্চে শিরোপা ধরে রেখে চতুর্থবার চ্যাম্পিয়ন হলো তারা।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ