যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনাকর এক অবস্থা। এই যুদ্ধাবস্থার বলি হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটও। সিরিজ বাতিলের পাশাপাশি বাতিল করা হয়েছে অনুশীলন ক্যাম্পও।
প্রথমে ইংল্যান্ড লায়নস ও পাকিস্তান শাহিনসের দ্বিতীয় ওয়ানডে বাতিল করা হয়েছে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১ মার্চ। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে সিরিজের তৃতীয় থেকে পঞ্চম ওয়ানডে বাতিল করা হয়েছে। ক্রিকেটার ও কর্মকর্তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কাজ করছে। পাশাপাশি আমিরাতে যে ইংল্যান্ড নারী দলের একটি অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল, সেটাও বাতিল করা হয়েছে।
ইসিবি গত রাতে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড লায়নস-পাকিস্তান শাহিনস সিরিজ বাতিল ও মেয়েদের অনুশীলন বাতিলের কথা জানিয়েছে। এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘ইংল্যান্ডের লায়নসের সফরের বাকি অংশ বাতিল করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে দেশে ফেরাতে চেষ্টা করছি।’ জুন-জুলাইয়ে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আবুধাবিতে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে।
আমিরাতে অনুশীলন ক্যাম্প বাতিল হওয়ার কারণে ইসিবি বিকল্প চিন্তাভাবনা করে রাখছে। এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলেছে,‘উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীল অবস্থার কারণে আবুধাবিতে ইংল্যান্ড নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে একটি অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল। সেটা হচ্ছে না। ক্যাম্পের সম্ভাবনা উড়িয়ে দিয়েছি। সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে কাজ করছি। নতুন পরিকল্পনা চূড়ান্ত করার সঙ্গে সঙ্গে আপনাদের জানাব।’
পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ইংল্যান্ড লায়নস। ২৭ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে পাকিস্তান শাহিনসকে ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড লায়নস। বাকি চার ম্যাচ না হওয়ায় এই সিরিজও জিতেছে লায়নস।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করছে ইরানও। দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলা করে ইরান। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ দলও দেশে ফিরতে পারছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মার্চ মাসে করাচি-লাহোরের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অবস্থার মধ্যেই মুশফিকুর রহিম গতকাল সকালে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।