বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। সেখানে সংসদ সদস্য হিসেবে আমরা যারা শপথ গ্রহণ করেছি, তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে সংবিধানে কিছু না থাকায় যারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারেন না।’
বিএনপির এই নেতা বলেন, ‘এখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে সমস্ত আলাপ-আলোচনা মাঠে-ময়দানে হচ্ছে, সেটা একটা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতে পারে, কথা বলার অধিকার আছে। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে। সে ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। এগুলো একটা দীর্ঘ প্রক্রিয়া আলাপ আলোচনার বিষয়।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইতিমধ্যে আমি জানতে পেরেছি আজকে (সোমবার) কোর্টে একটা রিট পিটিশন মুভ হয়েছে। এই যে সংবিধান সংস্কার মানে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার আদেশ ২০২৫) নামে যেই আদেশটি হয়েছিল, সেটা সংবিধানের ভায়োলেশন (লঙ্ঘন) হয়েছে, এটার কোনো বৈধতা নাই বলে একটা রিট দাখিল হয়েছে। তো দেখা যাক, বিচার বিভাগ থেকে কি মতামত আসে সেটাও আমরা জাতীয় সংসদে আলোচনার জন্য নিতে পারব।’
সংসদের উচ্চকক্ষ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটা আলাপ আলোচনার বিষয়। তবে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টা এখন আমরা অফার করতে পারি। সরকারি দল হিসেবে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটোই সরকারি দল নিতে পারে। জুলাই জাতীয় সনদের আলোকে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার মনোনীত হবেন, সেটা আমরা এখনই অফার করেছি।’