কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মাজারের পীর শামিম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার রাতে দলটির মিডিয়া টিম এক সংবাদ বার্তায় এ নিন্দা প্রকাশ করে।
সংবাদ বার্তায় বলা হয়, শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি। এতে মাজারের প্রধান ও পীর শামিম রেজা জাহাঙ্গীর নিহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এনসিপি মনে করে, ধর্ম অবমাননা কিংবা এ ধরনের সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি কর্তৃপক্ষ হচ্ছে আদালত। ‘মব-সহিংসতা’ করে যারা অগ্নিসংযোগ ও হত্যা করেছে, তারা একটি গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথভাবে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংবাদ বার্তায় বলা হয়, এ ধরনের ‘মব-সহিংসতা’ স্থানীয় ক্ষমতার ছত্রচ্ছায়া ছাড়া সম্ভব নয়। গত বছর রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায়ও রাজনৈতিক শক্তির ছত্রচ্ছায়া দেখা গেছে। সংবাদমাধ্যম মারফত জানা গেছে, শনিবার সকাল থেকেই হঠাৎ করে নিহত পীর শামিম রেজা জাহাঙ্গীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে কোরআন শরিফ নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপুরের দিকে মাজারে হামলার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনার পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাশিত সতর্কতা অবলম্বন ও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
এনসিপির অভিযোগ, সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও ‘প্রকৃত মব’ থামাতে ব্যর্থ হচ্ছে সরকার। জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সরকারসমর্থিত পক্ষ ‘মব’ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত দুজন ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করে। একদিকে সরকার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিয়ে সরকারসমর্থিত ‘মব’কে প্রশ্রয় দিচ্ছে, অন্যদিকে ‘মব কালচার’ পরিভাষাটিকে সরকারি দলের নেতা-কর্মীরা রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।
সংবাদ বার্তায় অভিযোগ করে আরও বলা হয়, সরকার একের পর এক নিজ নির্বাচনী ইশতেহার ভঙ্গ করেই যাচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের সব বিষয়ে মুখপাত্রের ভূমিকা পালন না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।