মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে বাহরাইনের বাইরে অবস্থান করলেও বাংলাদেশিসহ প্রবাসীরা তাঁদের ভিসা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বাহরাইনে বসবাসরত প্রবাসীদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
নোটিশে বলা হয়, যাঁদের ভিসা লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির (এলএমআরএ) অধীন, তাঁরা ভিসা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত কোনো আত্মীয়, বন্ধু বা পরিচিত ব্যক্তির মাধ্যমে এলএমআরএ অনুমোদিত যেকোনো রেজিস্ট্রেশন সেন্টারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগেই সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে যাঁদের ভিসা সিআর বা কোনো কোম্পানির অধীন, তাঁদের স্পনসর বা কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসা নবায়নের উদ্যোগ নিতে বলা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে আবেদন করলে কর্তৃপক্ষের কাছ থেকে পেমেন্টের বার্তা পাওয়ার পর অর্থ পরিশোধের মাধ্যমে ভিসা নবায়ন সম্পন্ন করা যাবে।
নোটিশে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ভিসার মেয়াদোত্তীর্ণ করা যাবে না। সময়মতো নবায়ন না করলে প্রবাসীরা জটিলতার মুখে পড়তে পারেন।
এ ছাড়া জরুরি প্রয়োজনে প্রবাসীদের বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বরে (+৯৭৩-৩৩৩৭৫১৫৫) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।