হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ৩ মার্চের মধ্যে চার দিনে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা-পরবর্তী পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়েছে।
বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইনস।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩ টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ৩ মার্চের সূচিতে থাকা আরও ৩৮টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে। সব মিলিয়ে চার দিনে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজিরা এয়ারলাইনসের চারটি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি।