র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ।
আজ শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৬ মার্চ তাঁকে র্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেয় সরকার।
মো. আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি), রাঙামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি পিবিআই হেডকোয়ার্টার্সে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন। তিনি পদোন্নতি সূত্রে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।
মো. আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া হতে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।