হোম > জীবনধারা > রূপবটিকা

ইরানি নারীদের রূপ-লাবণ্যের রহস্য লুকিয়ে আছে প্রাকৃতিক উপাদানে

ফিচার ডেস্ক, ঢাকা 

ইরানি নারীদের রূপ-লাবণ্যের রহস্য লুকিয়ে আছে প্রাকৃতিক উপাদানে। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

ইরানি নারীদের নিখুঁত ও উজ্জ্বল ত্বক বিশ্বজুড়ে প্রশংসিত। তাদের এই নজরকাড়া সৌন্দর্যের মূলে নেই কোনো দামি ও রাসায়নিকযুক্ত কৃত্রিম প্রসাধনী; বরং যুগ যুগ ধরে তাদের মূল ভরসার জায়গায় রয়েছে বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপাদান। বংশপরম্পরায় চলে আসা ঘরোয়া পদ্ধতিগুলোই তাদের ত্বক রাখে সতেজ, প্রাণবন্ত ও দীপ্তিময়। মূলত সুস্থ জীবনধারা আর প্রকৃতির মেলবন্ধনেই লুকিয়ে আছে তাদের রূপের আসল রহস্য। ইরানি রূপচর্চার সে রকমই চমৎকার ও কার্যকরী কিছু গোপন রহস্য নিয়েই আজকের আয়োজন।

গোলাপজল

ইরানি গোলাপের কদর বিশ্বজুড়ে। ফলে স্বাভাবিকভাবে গোলাপজল ইরানি নারীদের সৌন্দর্যচর্চায় যুক্ত হয়েছে প্রাচীনকাল থেকে। তাদের কাছে গোলাপজল শুধু সুগন্ধি নয়, এটি ত্বকের প্রধান রক্ষক। তারা নিয়মিত টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং মুহূর্তে ক্লান্তি দূর করে সতেজতা ফিরিয়ে আনে।

গোলাপজল ইরানি নারীদের সৌন্দর্যচর্চায় যুক্ত হয়েছে প্রাচীনকাল থেকে। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

জাফরান

ত্বকের রং উজ্জ্বল করতে ইরানি নারীরা জাফরানের সঙ্গে সামান্য দুধ বা মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে। এটি ত্বকের কালচে ভাব দূর করে ভেতর থেকে একধরনের সোনালি আভা তৈরি করে।

সেফিদাব স্ক্রাব

ইরানি নারীদের গোসলের ঐতিহ্যে সেফিদাব এক বিশেষ নাম। এটি মূলত প্রাকৃতিক খনিজ ও চর্বি দিয়ে তৈরি একটি প্রাচীন স্ক্রাব। গোসলের সময় এটি দিয়ে ত্বক ঘষলে মরা চামড়া উঠে যায় এবং রক্তসঞ্চালন বাড়ে। এতে ত্বক হয়ে ওঠে পরিষ্কার ও উজ্জ্বল।

সেদর বা কুলপাতা

প্রাচীনকাল থেকে ইরানিরা ত্বকের যত্নে সেদর বা কুলগাছের পাতার গুঁড়া ব্যবহার করে। এটি ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এই গুঁড়া পানি বা গোলাপজলের সঙ্গে মিশিয়ে মাখলে ত্বক টানটান ও মসৃণ হয়।

হারবাল স্টিম

ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে ইরানি নারীরা মুখে ব্যবহার করেন হারবাল স্টিম বা ভেষজ উপাদান মেশানো পানির বাষ্প। ফুটন্ত গরম পানিতে ক্যামোমাইল বা রোজমেরি মিশিয়ে সেই বাষ্প মুখে নিলে রোমকূপ খুলে যায়। এতে ত্বকের ময়লা পরিষ্কার হয় এবং ব্রণ হওয়ার প্রবণতা কমে।

হলুদ

রান্নাঘরের অতি পরিচিত উপাদান হলুদ ইরানিদের রূপচর্চার অবিচ্ছেদ্য অংশ। কাঁচা হলুদ পেস্ট বানিয়ে তার সঙ্গে টক দই বা মধু মিশিয়ে তারা মুখে মাখে। এটি ত্বকের প্রদাহ কমায় এবং যেকোনো দাগছোপ দূর করে ত্বক উজ্জ্বল করে তোলে।

ময়শ্চরাইজার হিসেবে অলিভ অয়েল

ত্বক নরম ও কোমল রাখতে ইরানিরা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে অলিভ অয়েল ব্যবহার করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে পুষ্টি জোগায়। অনেকে সরাসরি অলিভ অয়েল দিয়ে মুখ পরিষ্কার করে।

খনিজ মাটি

ত্বকের বাড়তি তেল ও বিষাক্ত উপাদান দূর করতে ইরানি নারীরা ঘাসুল ক্লে নামক একধরনের খনিজ সমৃদ্ধ মাটি ব্যবহার করে। এই মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে তৈরি করা প্যাক ত্বকের গভীর থেকে ময়লা টেনে বের করে আনে।

মেহেদি

ইরানে শুধু চুলের জন্য নয়, ত্বকের যত্নেও মেহেদি ব্যবহৃত হয়। হাত-পায়ে নকশা করার পাশাপাশি মেহেদি ত্বকের ওপর একধরনের শীতল প্রভাব ফেলে, যা ত্বকে আরাম দেয় এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে।

ভেষজ চা

ইরানিরা বিশ্বাস করে, শরীরের ভেতর পরিষ্কার থাকলে তার প্রতিফলন ত্বকে ঘটে। তাই তারা নিয়মিত পুদিনা, ক্যামোমাইল বা গ্রিন টি-র মতো ভেষজ চা পান করে। এসব চা শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে।

সতর্কতা

প্রাকৃতিক উপাদান হলেও সবার ত্বকে সবকিছু মানায় না। যেকোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে আপনার ত্বকের ধরন বুঝে নিন। যদি আপনার ত্বক খুব বেশি সংবেদনশীল হয়, তাহলে নতুন কিছু ব্যবহারের আগে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

সূত্র: মাইন্ড বডি গ্রিন, স্যাফরন অ্যান্ড সাইরাস ও অন্যান্য

আরব্য মেকআপের চিরায়ত আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন

জেনে নিন, রূপচর্চার আরব্য রহস্য

শুধু চপ তৈরিতেই নয়, ত্বকের যত্নেও ব্যবহার করা যায় আলু

এ সময়ের চুলের যত্নে জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

ত্বক ও চুলের পানিশূন্যতা এড়াতে ইফতার ও সেহরি যেমন হবে

ছোলার ডালের বেসনে রূপচর্চা

সৌন্দর্যচর্চায় বেসন

ইফতারের দাওয়াতে পরিপাটি সাজ

ত্বকে কালচে দাগ পড়েছে? জেনে নিন আয়ুর্বেদিক উপায়ে মুক্তির পথ

এই বসন্তে অফিসে তরতাজা থাকবেন যেভাবে