হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: নতুন কারও সঙ্গে আলাপ হবে, সকালে দাঁত মেজেছেন তো

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার ভেতরের এনার্জি লেভেল এভারেস্ট ছোঁবে। মনে হবে একাই পুরো দুনিয়া পাল্টে দেবেন। কিন্তু সাবধান! অফিসের বসের সঙ্গে তর্কে যেতে যাবেন না। তিনি হয়তো ভুল বলছেন, কিন্তু মনে রাখবেন—তাঁর কাছে রিমোট কন্ট্রোল (বেতন) আছে। বাড়িতে মা বা গিন্নি যদি বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, তবে সেটাকে ‘অ্যাসাইনমেন্ট’ হিসেবে মেনে নিন। এয়ারফোন কানে দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে কপালে দুঃখ আছে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রাগ কমানোর প্র্যাকটিস করুন।

বৃষ

আজ আপনার মনটা বেশ রোমান্টিক থাকবে। পকেটে টান থাকলেও চালচলনে মনে হবে আপনিই এই শহরের আসল নওয়াব। কোনো পুরোনো বন্ধু বা পাওনাদার হঠাৎ টাকা ফেরত দিয়ে চমকে দিতে পারে। বিরিয়ানি বা কাচ্চি খাওয়ার যোগ আছে। তবে খাওয়ার আগে লেবুর কথা মনে রাখবেন, আর খাওয়ার পরে পকেটের কথা। নতুন কারও সঙ্গে আলাপের সম্ভাবনা। কিন্তু কথা বলার আগে চেক করে নিন—দাঁত মেজেছেন তো? সুগন্ধি মাখতে ভুলবেন না!

মিথুন

আপনার দ্বৈত সত্তা আজ দ্বিগুণ সক্রিয়। কাজ করার সময় মনে হবে ঘুমাই, আর ঘুমানোর সময় মনে হবে কাজ করি। ইন্টারনেটে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখে সময় নষ্ট করায় আজ আপনি গোল্ড মেডেল পেতে পারেন। শ্বশুরবাড়ি থেকে কোনো খবর আসতে পারে। সেটা ভালোও হতে পারে, আবার কোনো দামি উপহারের আবদারও হতে পারে। বেশি টেনশন করবেন না। টেনশনে ওজন কমে না, বরং টাক পড়ে যায়। তাই হাসিখুশি থাকুন।

কর্কট

আজ আপনার মনটা কাচের মতো ভঙ্গুর থাকবে। কেউ একটু জোরে কথা বললেই চোখে পানি চলে আসতে পারে। তবে ভালো খবর হলো—প্রেমের ক্ষেত্রে আজ আপনি সুপারহিট। সঙ্গীর সঙ্গে পুরোনো সব মান-অভিমান এক চুটকিতে মিটে যাবে। রাস্তায় হাঁটার সময় ফোনের চ্যাটবক্সে ডুবে থাকবেন না। সামনে কোনো খোলা ড্রেন বা ইলেকট্রিক পোল থাকতে পারে। দুর্ঘটনা ঘটলে লোকে সহানুভূতি দেখাবে না, বরং ভিডিও করবে!

সিংহ

আপনি তো বনের রাজা, কিন্তু আজ গ্রহের ফেরে নিজের ঘরেই আপনাকে ‘বিড়াল’ হয়ে থাকতে হতে পারে। ব্যবসায়িক দিকে অগ্রগতির উজ্জ্বল সম্ভাবনা। কোনো পুরোনো ব্যাধি থেকে মুক্তি পেয়ে শরীরটা আজ ফুরফুরে লাগবে। আজ কাউকেই অযাচিত জ্ঞান দিতে যাবেন না। লোকে আপনার কথা শুনবে তো নাই-ই, উল্টো অপমান করে ইগোতে বড়সড় টোল ফেলে দিতে পারে।

কন্যা

আজকের দিনটি আপনার জন্য একদম ঝাক্কাস। আর্থিক উন্নতির বড় কোনো সুযোগ দরজায় কড়া নাড়তে পারে। তবে আপনার সবকিছুতে খুঁত ধরার স্বভাবটা আজ দয়া করে আলমারিতে তালা দিয়ে রাখুন। তরকারিতে লবণ সামান্য কম হলে বা ঘর একটু অগোছালো থাকলে আজ তুলকালাম বাঁধিয়ে দেবেন না। শান্ত থাকুন, পৃথিবীটা আপনার কথামতো চলবে না। সিঙ্গেলদের কপাল খুলতে পারে। তবে আয়নার সামনে দাঁড়িয়ে একটু স্বাভাবিক হাসি প্র্যাকটিস করা জরুরি।

তুলা

আপনি সব সময় সবকিছুর ব্যালেন্স করতে চান, কিন্তু আজ পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যেতে পারে। অফিসে বড় কোনো প্রোজেক্টে সাফল্য আসতে পারে। বসের প্রশংসা শুনে আনন্দে সবাইকে দামি রেস্টুরেন্টে ট্রিট দিতে যাবেন না, মাসের শেষে পস্তাতে হবে। মিষ্টির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে রাখুন। ওজন বাড়ছে, আর সুগার আপনার দিকে তাকিয়ে হাসছে।

বৃশ্চিক

চন্দ্র আপনার রাশিতেই আজ আয়েশ করে বসে আছেন। হঠাৎ করে পকেটে টাকা আসার প্রবল সম্ভাবনা। তবে পুরোনো কোনো শত্রু আজ আপনার সঙ্গে খুব মিষ্টি করে কথা বলতে আসতে পারে—সাবধান! মিষ্টির আড়ালে নিমপাতা থাকতে পারে। আজ ঝগড়া এড়িয়ে চলুন। আপনার রাগ যখন চড়ে, তখন মঙ্গলের থেকে বেশি ভয়ংকর হয়ে ওঠেন। সঙ্গীকে একটু স্পেস দিন।

ধনু

ব্যবসায়িক সাফল্যে আপনার মন আজ আকাশে উড়বে। কিন্তু সাবধান, আপনার পেট বাবাজীবন আজ যেকোনো সময় বিদ্রোহ ঘোষণা করতে পারে। রাস্তার ধারের চটপটি বা ফুচকা দেখে জিভে জল এলেও, আজ সংবরণ করাই শ্রেয়। পরিবারের সঙ্গে সময়টা ভালো কাটবে, যতক্ষণ না পর্যন্ত কেউ আপনার ফোনের পাসওয়ার্ড বা গ্যালারি দেখতে চাচ্ছে।

মকর

আজ অফিসের কাজের চাপে আপনার পিঠের শিরদাঁড়া সোজা হওয়াই দায়। তবে দুশ্চিন্তা করবেন না, এই খাটুনির ফল ভবিষ্যতে বেশ মিষ্টি হবে। মানসিকভাবে একটু ক্লান্ত লাগলে কোনো ধর্মীয় স্থান বা নিরিবিলি জায়গা থেকে ঘুরে আসতে পারেন। স্ক্রিন টাইম কমান। ল্যাপটপ বা ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো হয়তো আর কয়েক দিন পর উত্তর দেবে না।

কুম্ভ

সাধারণত আপনিই সিদ্ধান্ত নেন যে দুনিয়া কীভাবে চলবে, কিন্তু আজ পরিস্থিতি আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে। আপনার পজিটিভ চিন্তা আজ অন্যদের ভালো কাজে উৎসাহ দেবে। আজ অনলাইনে শপিং অ্যাপগুলো থেকে দূরে থাকুন। ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার দেখে লোভে পড়লে মাসের শেষে নুন-ভাত খেতে হবে।

মীন

শত্রুরা আজ আপনার ধারেকাছে আসার সাহস পাবে না। তবে নিজের মেজাজটা আজ একটু খিটখিটে থাকতে পারে। খুব একা লাগলে লং ড্রাইভে বেরিয়ে পড়ুন। যাওয়ার আগে পেট্রল পাম্পে ঢুঁ মারতে ভুলবেন না, মাঝরাস্তায় গাড়ি ঠেলার ভাগ্য যেন না হয়। লটারি কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা আজ বন্ধ করুন। বরং নিজের কাজে একটু মন দিন, ওটাই আপনার ভাগ্যের চাবিকাঠি।

ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেশিয়াম

যে খাবারগুলো মাইক্রোওয়েভ ওভেনে গরম করবেন না

ঘুম নিয়ে প্রচলিত ৭টি ভুল ধারণা, স্বপ্নে ডুব দিলেই কি ঘুম গভীর হয়

আজকের রাশিফল: অদ্ভুত কিছুর প্রেমে পড়বেন, কথার জাদুতে পাথর গলবে

আলিঙ্গনে বাড়ে মানসিক প্রশান্তি, বলছে গবেষণা

আসছে গ্রীষ্মে ত্বকের যত্নে যেসব ফল ব্যবহার করবেন

আরবীয়দের আধুনিক চুলের যত্নে প্রাচীন রহস্য

সিদ্ধান্তহীনতায় ভুগছেন? জেনে নিন সঠিক পথ বেছে নেওয়ার সহজ উপায়

আজকের রাশিফল: জীবন-জীবিকার ব্যালেন্স খুঁজতে গিয়ে সার্কাসের জোকার হয়ে যাবেন

ক্যাঙারু আইল্যান্ড: যে দ্বীপ কোয়ালাদের টিকে থাকার শেষ ভরসা