হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: আপনার আলস্যের কাছে শত্রুদের ফন্দি ফেল, ক্রাশের মনোযোগ পেতে সুগন্ধি মাখুন

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার গ্রহের দশা বলছে, আপনার পড়াশোনার জন্য বিদেশযাত্রার যোগ আছে। তবে পাসপোর্ট-ভিসা না থাকলেও চলবে। কারণ, আপনার গন্তব্য সম্ভবত পাড়ার লাইব্রেরি বা পাশের বাড়ির বন্ধুর স্টাডি রুম। অফিসের বস আজ আপনার ওপর বিশেষ সদয় হবেন না, তাই ফাইলগুলো লুকিয়ে রাখুন। বাড়ির কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ, ঝাড়ুর বাড়ি খাওয়ার প্রবল যোগ। রাস্তার ফুচকা দেখলে আজ ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ বজায় রাখুন, না হলে পেট বিদ্রোহ করতে পারে। আজ কাউকে টাকা ধার দেবেন না, দিলে সেটা দান বলে ধরে নিতে হবে।

বৃষ

তর্কে আজ আপনার জয় সুনিশ্চিত। তবে মনে রাখবেন, জয়ী হওয়ার পর কপালে দুঃখ আছে যদি সেই তর্কটা স্ত্রী বা বসের সঙ্গে হয়। মানিব্যাগে আজ টান পড়বে, কিন্তু মনে আনন্দ থাকবে। চাকরিতে সুনাম বাড়বে, কিন্তু প্রমোশনের কথা বললে বস আজ কানে কম শুনতে পারেন। পুরোনো প্যান্টের পকেটে বা বইয়ের ভাঁজে দশ-বিশ টাকার নোট খুঁজে পাওয়ার প্রবল সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে বিল দেওয়ার সময় মানিব্যাগ বাড়িতে ফেলে আসার পুরোনো নাটকটা কাজ করতে পারে। লিফটে চড়ার সময় আজ একটু সচেতন থাকুন, মাঝপথে আটকে যাওয়ার সূক্ষ্ম যোগ আছে।

মিথুন

অভিজ্ঞতা আজ আপনার দরজায় কড়া নাড়বে। কোনো নতুন স্ক্যাম থেকে বেঁচে যাবেন অথবা কোনো পুরোনো ভুল দ্বিতীয়বার করে অভিজ্ঞতা সঞ্চয় করবেন। স্ত্রীর কথা শোনার অভিনয়টা আজ নিখুঁতভাবে করুন। ডিনারটা অন্তত সময়মতো পাবেন। ফেসবুকে আজ কোনো বিতর্কিত কমেন্ট করবেন না, মিউচুয়াল ফ্রেন্ডরা স্ক্রিনশট তুলে নিতে পারে। ফোন সাইলেন্ট না রাখলে কোনো খুশির খবর পেতে পারেন। চার্জ কম থাকলে ফোনের চার্জার সঙ্গে রাখুন, আজ ফোনের ওপর খুব ধকল যাবে।

কর্কট

সংসারের দায়িত্ব আজ আপনার ঘাড়ে দ্বিগুণ হয়ে চেপে বসবে। আপনি আজ সেই ইঁদুরের মতো অনুভূতি পাবেন যে পনিরের লোভে খাঁচায় ঢুকে পড়েছে, কিন্তু এখন বেরোনোর রাস্তা পাচ্ছে না। শত্রুরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে। কারণ, আপনার আলস্যের লেভেলের কাছে তাদের সব ফন্দিই ফেল। ব্যায়াম করার কথা ভাববেন, কিন্তু বাস্তবে বিছানা ছাড়া আপনার কঠিন হবে। গরম চা খাওয়ার সময় একটু ফুঁ দিয়ে নেবেন, জিব পুড়ে যাওয়ার যোগ আছে।

সিংহ

বাবার সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যদি আপনি টাকা চাইবেন বলে ঠিক করে থাকেন, তবে সেই প্ল্যান আজ মিউজিয়ামে পাঠিয়ে দিন। আজ আপনার দিনটা ‘রয়্যাল’ কাটার কথা। বাস্তবে রয়্যাল ব্লু রঙের জামা পরেই আপনার রাজা রাজা ভাব বজায় রাখতে হবে। দরকারি কাজগুলো দ্রুত সারুন, আলস্য আজ আপনার ক্যারিয়ার গ্রাস করার জন্য ওত পেতে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে আজ বেশিক্ষণ চুল ঠিক করবেন না, বাইরে বেরোলে বাতাস সব নষ্ট করে দেবে।

কন্যা

হঠাৎ কোনো চাকরির অফার আসতে পারে, কিন্তু সেটা বর্তমান বসের কানে গেলে ‘যোগ’ বিয়োগে পরিণত হবে। গুরুজনদের পরামর্শ আজ আপনার কাছে টনিকের মতো লাগবে—খেতে বিস্বাদ, কিন্তু আপনার উপকারের জন্য। তর্কে আজ আপনার জেতার সম্ভাবনা ১%-এরও নিচে। তাই বোবার শত্রু নেই নীতি মেনে চলাই শ্রেয়। ট্রেনের টিকিট কাটার প্ল্যান থাকলে আজই কাটুন, না হলে ওয়েটিং লিস্টে সারা জীবন কাটবে। আজ অনলাইনে কেনাকাটা করবেন না, ডেলিভারিতে পাথরের টুকরো আসতে পারে।

তুলা

অস্ত্রোপচারের ছোটখাটো যোগ আছে—হয়তো রান্নার জন্য সবজি কাটতে গিয়ে আঙুল কাটবেন। গৃহনির্মাণের জন্য আজ বড় খরচ হতে পারে, অর্থাৎ ড্রয়িংরুমের জন্য একটা দামি বাল্ব কিনবেন। আজ খরচের দৌড় হবে উসাইন বোল্টের গতিতে, আর আপনার আয়ের গতি হবে কচ্ছপের মতো। ক্রাশের পাশ দিয়ে যাওয়ার সময় আজ সুগন্ধি ব্যবহার করুন, পজিটিভ ইমপ্যাক্ট পড়তে পারে। নতুন জুতা পরে বেরোলে আজ ফোসকা পড়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক

অন্যের বুদ্ধি ধার নিয়ে আজ বড় কোনো কাজ করতে যাবেন না। নিজের বুদ্ধিটুকুই আপনার বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। অভিভাবকদের পরামর্শ শুনুন, তাঁরা অন্তত জানেন আপনি কদ্দূর যেতে পারেন। কারও সঙ্গে অহেতুক পাঙ্গা নেবেন না, নক্ষত্র বলছে আজ আপনারই পা পিছলে যাওয়ার কথা। আজ নিজেকে হিরো ভাবুন, আয়নায় অন্তত তাই দেখাচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় ফোনের দিকে তাকাবেন না, নাক ফাটার সম্ভাবনা প্রবল।

ধনু

উচ্চশিক্ষায় আজ আপনি চরম সফল হবেন। হয়তো কোনো জটিল ইউটিউব টিউটোরিয়াল বা রিলস দেখে নতুন কিছু শিখে ফেলবেন। বন্ধুর সাহায্যে কোনো জটিলতা মিটবে, বন্ধু হয়তো আপনার হয়ে কোনো বড় মিথ্যা বলে দেবে। লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন, না হলে লোকজন আপনাকে এলাকার ‘অমুক আলম’ বলতে শুরু করবে। কাজের চাপ বাড়বে, তবে দুপুরের ঘুমের সঙ্গে আপস করবেন না। কারও ইমোশনাল ব্ল্যাকমেলে পা দেবেন না, বিশেষ করে পুরোনো প্রেমিকের/প্রেমিকার।

মকর

প্রতিবেশীদের হিংসা আজ আপনার প্রধান অ্যাসেট। আপনার নতুন কেনা জিনিস (তা সে একটা টুথব্রাশই হোক না কেন) দেখে তারা জ্বলবে। সেই আগুনেই আজ আপনি কাবাব সেঁকবেন। নতুন প্রজেক্ট শুরু করার আগে দেখে নিন জুতা ছিঁড়েছে কি না। জুতা মজবুত হলে ক্যারিয়ারও মজবুত হবে। নেটপ্যাক শেষ হওয়ার মেসেজ বাদেও আজ অন্য কোনো ভালো মেসেজ আসতে পারে। আজ কোনো অচেনা কুকুরকে আদর করতে যাবেন না, কামড় খাওয়ার যোগ আছে।

কুম্ভ

বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন, তবে লটারি কাটার ভাবনা থাকলে এখনই ব্রেক কষুন। আজ অফিসে বসের সঙ্গে রসিকতা করতে যাবেন না। কারণ, তার রসবোধ আজ পাতালমুখী। বাড়িতে আজ শান্তির সুবাতাস বইবে, যদি আপনি টিভি বা নেটফ্লিক্সের পাসওয়ার্ড অন্য কাউকে দিয়ে দেন। সঙ্গীর সঙ্গে আজ দীর্ঘ আলোচনার যোগ আছে, মানে কোনো পুরোনো ঝগড়া নতুন করে শুরু হতে পারে। আজ হেলমেট ছাড়া বাইক চালাবেন না, পুলিশ আপনার জন্য অপেক্ষা করছে।

মীন

শত্রুর সঙ্গে আজ আপস করতে হতে পারে। পাড়ার সেই খিটখিটে আংকেলের সঙ্গেও আজ দাঁত বের করে হাসতে হবে। শরীরে একটু দুর্বলতা বোধ করতে পারেন, যা আসলে চরম আলস্য ছাড়া আর কিছু নয়। আজ নিজের প্রতি টান বাড়বে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে একটু হাসুন, অন্তত নিজের লুকটা তো ঠিক থাকবে। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে এবং সে আপনার কাছে টাকা ধার চাইতে পারে। সাবধান! আজ কোনো ভারী জিনিস তুলতে যাবেন না, কোমর মচকানোর যোগ আছে।

পেটের মেদ কমাতে কোন ধরনের আঁশযুক্ত খাবার খাবেন

স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে

কেন পালিত হয় আন্তর্জাতিক গোসল দিবস? জেনে নিন গোসলের সঠিক নিয়ম

‘ড্রাই বেগিং’ কি সম্পর্কের সমস্যার কারণ হয়ে উঠতে পারে? যেভাবে সামাল দেবেন

বয়সের ছাপ রুখতে কী খাবেন, কী খাবেন না

জেনে নিন, গরমে ত্বকের সমস্যা সমাধানে কতভাবে গোলাপজল ব্যবহার করা যায়

ফিটনেস রুটিনে পরিবর্তন আনার আগে জেনে নিন

ঘরে আম পাকানোর ৫টি প্রাকৃতিক উপায়

নিজের সৌন্দর্য নিয়ে চিন্তায় আছেন? দেখে নিন, এ থেকে বাঁচতে কী করবেন

কর্মক্ষেত্রে কীভাবে ভিন্নমত জানাবেন? জানুন ৬ ম্যাজিক্যাল কৌশল