হোম > জীবনধারা > জেনে নিন

চৈত্র মাসে যেভাবে ঘরবাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবেন

ফিচার ডেস্ক, ঢাকা 

চৈত্র মাসের এই বিশেষ পরিচ্ছন্নতা কেবল আগত ঋতুকে স্বাগত জানানো নয়, বরং এটি আপনার পরিবারের সুস্থতা নিশ্চিত করার বড় মাধ্যম। প্রতীকী ছবি: পেক্সেলস

বসন্ত বিদায় নেওয়ার পথে। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস মানেই ঋতু পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এ সময় একদিকে প্রকৃতিতে ধুলাবালুর প্রকোপ অনেক বেড়ে যায়, অন্যদিকে গুমোট গরমে খুব দ্রুত জীবাণুর বিস্তার ঘটে। তাই ঘরবাড়ি শুধু ওপর থেকে পরিষ্কার করলে চলে না, দরকার হয় ডিপ ক্লিনিংয়ের। আজকের আয়োজনে থাকছে চৈত্র মাসে ঘর সতেজ, স্বাস্থ্যকর এবং জীবাণুমুক্ত রাখার কিছু উপায়।

প্রয়োজনীয় সরঞ্জাম

পরিষ্কার শুরু করার আগে সবকিছু হাতের নাগালে থাকা জরুরি। এতে কাজে গতি আসে এবং বারবার কাজ থামিয়ে জিনিস খুঁজতে হয় না। আপনার যা যা প্রয়োজন হবে—

  • পরিবেশবান্ধব লিকুইড ক্লিনার
  • মাইক্রোফাইবার বা নরম কাপড় ও স্পঞ্জ
  • উন্নত মানের ঝাড়ু
  • বেকিং সোডা ও সাদা ভিনেগার
  • ময়লা ফেলার জন্য বড় ডাস্টবিন ব্যাগ এবং গুছিয়ে রাখার জন্য স্টোরেজ বিন।
  • ধাপে ধাপে ঘর অনুযায়ী পরিষ্কার

বসার ঘর

প্রথমে ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস; যেমন পুরোনো ম্যাগাজিন ও সংবাদপত্র সরিয়ে ফেলুন। এরপর ওপর থেকে নিচ—এই নিয়মে ধুলো ঝাড়ুন। সিলিং ফ্যান, ঝাড়বাতি, জানালার গ্রিল এবং ছবির ফ্রেমগুলো আগে পরিষ্কার করুন। মাইক্রোফাইবার দিয়ে টিভি ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য মুছে ফেলুন। সোফার কুশন ভ্যাকিউম করুন এবং কাপড়ের জন্য নিরাপদ এমন ক্লিনার দিয়ে সোফার দাগ তুলে ফেলুন। জানালার পর্দাগুলো খুলে ধুয়ে ফেলুন, এতে ধুলাবালু ও অ্যালার্জির প্রকোপ কম হবে।

রান্নাঘর

  • চৈত্রের গরমে রান্নাঘরে খাবারের অবশিষ্টাংশ থেকে দ্রুত জীবাণু ও দুর্গন্ধ ছড়ায়। তাই ফ্রিজ ও ক্যাবিনেট থেকে মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হওয়া সব খাবার ফেলে দিন।
  • দুর্গন্ধ দূর করতে ফ্রিজের ভেতরের অংশ বেকিং সোডা ও পানির মিশ্রণ দিয়ে মুছুন।
  • মাইক্রোওয়েভ ওভেনের ভেতর-বাহির ভালো করে স্ক্রাব করুন।
  • সিঙ্ক পরিষ্কার করতে ভিনেগার ব্যবহার করুন।
  • চপিং বোর্ড বা সবজি কাটার সরঞ্জামগুলো জীবাণুমুক্ত করতে প্রাকৃতিক ক্লিনার; যেমন লেবুর রস, লবণ ও বেকিং সোডা ব্যবহার করুন।

শোয়ার ঘর

বিছানার চাদর, বালিশের কভার ও পর্দা ধুয়ে ফেলুন। তোশক বা ম্যাট্রেস রোদে দেওয়ার সুযোগ থাকলে দিন। ম্যাট্রেস উল্টে দিন, যাতে এটি বেশি দিন টেকসই হয়। আলমারির ভেতর থেকে শীতের ভারী পোশাকগুলো সরিয়ে পাতলা সুতি কাপড় সামনে নিয়ে আসুন। অগোছালো ড্রয়ারগুলোয় বিন বা বক্স ব্যবহার করে কাপড় গুছিয়ে রাখুন।

বাথরুম

সবচেয়ে বেশি জীবাণু ছড়ায় বাথরুম থেকে। তাই এখানে শক্তিশালী কিন্তু বিষমুক্ত বা নন-টক্সিক ক্লিনার ব্যবহার করুন। সিঙ্ক, শাওয়ার, বাথটাব ও কমোড ভালোভাবে স্ক্রাব করে জীবাণুমুক্ত করুন। এই সুযোগে মেয়াদোত্তীর্ণ টয়লেট্রিজ এবং ওষুধ ফেলে দিয়ে শেলফগুলো গুছিয়ে নিন।

পরিবেশবান্ধব পদ্ধতি

রাসায়নিক ক্লিনার অনেক সময় ঘরে দূষণ তৈরি করে, যা শ্বাসকষ্ট বা অ্যালার্জির কারণ হতে পারে। বিকল্প হিসেবে সাদা ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার করুন। ঘর মোছার পানিতে সামান্য নিমপাতা সেদ্ধ পানি বা জীবাণুনাশক লিকুইড মিশিয়ে নিলে ঘর দীর্ঘক্ষণ সুরক্ষিত থাকবে। পুরো বাড়ি পরিষ্কার হয়ে গেলে জানালাগুলো খুলে দিয়ে ঘরে পর্যাপ্ত আলো-বাতাস ঢুকতে দিন। ঘরে প্রাকৃতিক সুগন্ধ আনতে একগুচ্ছ তাজা ফুল রাখতে পারেন অথবা এসেনশিয়াল অয়েল ডিফিউজার ব্যবহার করতে পারেন। লেমন গ্রাস বা ল্যাভেন্ডারের সুগন্ধ আপনার মানসিক প্রশান্তি বাড়াবে।

চৈত্র মাসের এই বিশেষ পরিচ্ছন্নতা শুধু আগত ঋতুকে স্বাগত জানানো নয়, বরং এটি আপনার পরিবারের সুস্থতা নিশ্চিত করার বড় মাধ্যম। ঘর যদি পরিষ্কার এবং সুশৃঙ্খল থাকে, তবে তা মনে প্রশান্তি আনে এবং কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ধাপে ধাপে পরিকল্পনা করে কাজ করুন, দেখবেন ঘর পরিষ্কার থাকার পাশাপাশি আগত গ্রীষ্মের জন্য থাকবে পুরোপুরি প্রস্তুত ও নিরাপদ।

সূত্র: ক্লিন প্ল্যানেট অবলম্বনে

হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন, যেসব খাওয়াবেন না

ঘর গোছানোর ভাইরাল ১২-১২-১২ নিয়ম কি আসলেই কার্যকর

আজকের রাশিফল: আর সাসপেন্স নেওয়া যাচ্ছে না—প্রপোজালটা করেই ফেলুন

‘কিল সুইচ’ দিয়ে কি এআই নিয়ন্ত্রণ সম্ভব? বিজ্ঞানীরা যা বলছেন

চপস্টিকের ইতিহাস জানেন তো?

আজকের রাশিফল: মানুষের গোপন কথা জানার নেশা বিপদে ফেলবে, পরিশ্রমের ফল পাবেন

‘ম্যারেজ ইনকরপোরেটেড’ থেকে মুক্তি নিন: জীবনসঙ্গীর প্রেমে পড়ুন নতুন উপায়ে

আজকের রাশিফল: স্বাস্থ্য আর মানিব্যাগ দুটিই আইসিইউতে যাওয়ার দশা, প্রপোজ খুব রিস্কি

ডোপামিন ডেকর: যেভাবে ঘর সাজালে মন ভালো থাকবে

আজকের রাশিফল: বসগিরি ফলাতে যাবেন না, সেলফিতে পাউট করলে লোকে হাঁস ভাববে