সারা বছর হাড়ভাঙা খাটুনি খেটে কিছুদিনের বাৎসরিক ছুটি কি আসলেই যথেষ্ট? পরিবারকে সময় দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা নিজেকে একটু সময় দেওয়ার জন্য এটুকু ছুটি অনেক সময়ই কম মনে হয়। আর এ সুযোগে বিশ্বজুড়ে করপোরেট কর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এক নতুন ট্রেন্ড—সফট অফ ডে। ইন্টারনেটে একে এলিট করপোরেট হ্যাক বলা হলেও, এই ফাঁকি দেওয়ার কৌশলটিই হতে পারে আপনার চাকরি হারানোর কারণ!
সফট অফ ডে আসলে কী
সহজ কথায় সফট অফ ডে হলো এমন একটি দিন, যেদিন আপনি আনুষ্ঠানিকভাবে ওয়ার্ক ফ্রম হোম বা বাসা থেকে কাজ করছেন। কিন্তু বাস্তবে অফিসের কোনো কাজই করছেন না। অর্থাৎ আপনি অফিসের বাৎসরিক ছুটি খরচ না করেই বাড়িতে আরাম করছেন। ল্যাপটপ চালু থাকছে, অনলাইনে আপনাকে সক্রিয় দেখাচ্ছে। কিন্তু আদতে আপনি হয়তো ঘুমাচ্ছেন বা ব্যক্তিগত কাজে ব্যস্ত।
সফট অফ ডে যেভাবে কাটানো হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় করপোরেট কর্মীরা এই সফট অফ ডে পালনের বিভিন্ন কৌশল শেয়ার করেছেন।
ল্যাপটপ সেটিংস: কেউ কেউ ল্যাপটপের সেটিংস এমনভাবে বদলে দিচ্ছেন, যেন অফ না করা পর্যন্ত তা চলতেই থাকে। ফলে অনলাইনে সব সময় তাকে অ্যাকটিভ দেখায়।
মাউস জিগলার: কেউ মাউস নাড়ানোর জন্য পরিবারের সদস্যদের সাহায্য নিচ্ছেন, আবার কেউ মাউস প্যাডের ওপর ভারী কিছু রাখছেন, যাতে সেন্সর সক্রিয় থাকে।
কি-জ্যামিং: কি-বোর্ডের স্পেসবারের ওপর ওজনদার কিছু রেখে দেওয়া হচ্ছে, যাতে মনে হয় কেউ টাইপ করছে। একে বলা হচ্ছে কি-জ্যামিং।
স্ট্র্যাটেজিক বিশ্রাম: টানা ৮ ঘণ্টা ল্যাপটপ ছেড়ে উধাও না হয়ে প্রতি কয়েক ঘণ্টা অন্তর ই-মেইল চেক করে বা টুকটাক রিপ্লাই দিয়ে অনেকেই নিজের সক্রিয় উপস্থিতি জানান দেয়।
কেন বাড়ছে এ প্রবণতা
কর্মীরা কেন এমনটি করছে, তা আসলে বোঝা তেমন কঠিন নয়। সবার কর্মদক্ষতা বা শক্তি প্রতিদিন একরকম থাকে না। ব্যক্তিগত জীবনের ঝামেলা বা কাজের অতিরিক্ত চাপের কারণে অনেক সময় কর্মীরা একটু নিরিবিলি সময় চায়। কিন্তু তারা আবার বাৎসরিক ছুটিও ব্যয় করতে চায় না। বাৎসরিক ছুটি বাঁচানোর এ প্রবণতা অনেক সময় অবহেলা থেকে নয়, মূলত মানসিক শান্তির তাগিদ থেকেই আসে।
বিপদ কোথায়
এই সফট অফ ডে আসলে একটি পিচ্ছিল ঢালের মতো। একবার করে পার পেয়ে গেলে মানুষ ধীরে ধীরে সীমানা লঙ্ঘন শুরু করে। কিন্তু এই অভ্যাসের কিছু বিপদও রয়েছে। যেমন:
আস্থার সংকট: কোনো কর্মী যখন কোনো কারণ ছাড়াই প্রজেক্ট বা কাজ ফিরিয়ে দেয়, তখন ম্যানেজারের সঙ্গে আস্থার সংকট সৃষ্টি হয়।
মাইক্রো ম্যানেজমেন্ট: ফাঁকি ধরা পড়লে কর্মীর ওপর নজরদারি আরও বেড়ে যাবে, যা আপনার কাজের স্বাধীনতা নষ্ট করবে।
পেশাদার সুনামের ক্ষতি: কাজে অবহেলার ছাপ একবার ক্যারিয়ার রেকর্ডে পড়ে গেলে ভবিষ্যতে প্রমোশন বা অন্য ভালো চাকরিতে যোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।
চাকরিচ্যুতি: দিনের পর দিন এভাবে কাজ এড়িয়ে গেলে করপোরেট শৃঙ্খলা ভঙ্গের দায়ে কর্মীর চাকরি চলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
সমাধানের পথ
বিশেষজ্ঞরা লুকোচুরি না করে বরং খোলামেলা আলোচনার পরামর্শ দেন। যদি কাজের চাপ অসহ্য হয় বা বিরতির প্রয়োজন পড়ে, তবে আপনার ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলুন। ওয়ার্ক লোড নিয়ে আলোচনা করা বা প্রয়োজনে একদিন বাৎসরিক ছুটিতে ব্যয় করা অনেক বেশি নিরাপদ। ক্যারিয়ারের উজ্জ্বলতা রক্ষায় ছোটখাটো ফাঁকি দেওয়ার চেয়ে সততা বজায় রাখা বুদ্ধিমানের কাজ।
বিশ্রাম সবারই প্রয়োজন। কিন্তু সেটি পেশাদারি বিসর্জন দিয়ে নয়। সফট অফ ডের মতো সাময়িক স্বস্তির কৌশলগুলো দীর্ঘ মেয়াদে কর্মীদের ক্যারিয়ারের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তাই হুজুগে না মেতে নিজের ছুটি ও কাজের মধ্যে ভারসাম্য আনাই হবে সঠিক সিদ্ধান্ত।
সূত্র: মেট্রো ও অন্যান্য