সিয়াম সাধনার মাস শেষ হওয়ার পরপরই আমাদের মাঝে আনন্দ ও প্রশান্তির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ। কিন্তু আমরা অনেকেই ঈদের কেনাকাটা ও আনন্দের প্রস্তুতিতে এতটাই মগ্ন হয়ে যাই যে, ঈদের রাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলো ভুলে যাই। অথচ এই রাত হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার গ্রহণের সময়।
ঈদের রাতের বিশেষ মর্যাদা ও ফজিলত
ইসলামি পরিভাষায় ঈদের রাতকে লাইলাতুজ জায়েজা বা পুরস্কারের রাত বলা হয়। পুরো মাস ইবাদত করার পর বান্দা এই রাতে আল্লাহর কাছ থেকে তার প্রতিদান বুঝে নেয়।
- ১. অন্তর জীবিত থাকার সুসংবাদ: হাদিসে এসেছে, যে ব্যক্তি দুই ঈদের রাতে (ঈদুল ফিতর ও ঈদুল আজহা) আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, কিয়ামতের সেই ভয়ংকর দিনেও তার অন্তর মরবে না, যেদিন মানুষের অন্তর ভয়ে মারা যাবে। (সুনানে ইবনে মাজাহ: ১৭৮২)
- ২. দোয়া কবুলের পাঁচটি রাতের একটি: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, পাঁচটি রাত এমন রয়েছে যে রাতে কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না:
- রজব মাসের প্রথম রাত
- শাবানের ১৫ তম রাত (শবে বরাত)
- জুমার রাত
- ঈদুল ফিতরের রাত
- ঈদুল আজহার রাত (মুসনাদ আহমাদ)
ঈদের রাতে ৫টি জরুরি করণীয় আমল
- ১. নতুন চাঁদ দেখে দোয়া পড়া: শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা সুন্নত। চাঁদ দেখার সময় নবীজি (সা.) এই দোয়াটি পড়তেন—‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম; রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। (জামে তিরমিজি)
- ২. তাকবির পাঠ করা: ঈদের রাতে ও ঈদের নামাজে যাওয়ার পথে বেশি বেশি তাকবির বলা সুন্নত। এটি ঈদের রাতের আমেজ ও সৌন্দর্য বাড়িয়ে দেয়।
- তাকবির: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
- ৩. নফল ইবাদত ও নামাজ: ঈদের রাতে অন্তত দুই বা চার রাকাত নফল নামাজ আদায় করা উচিত। সারা রাত জাগতে না পারলেও শেষ রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা বরকতময়।
- ৪. কোরআন তিলাওয়াত: এই রাতে সুরা ইয়াসিন, সুরা রহমান বা সুরা মুলক তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ।
- ৫. তওবা ও ইস্তিগফার: রমজান পরবর্তী জীবনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং বিগত দিনের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার এটাই শ্রেষ্ঠ সময়।
ঈদের রাত শুধু আনন্দ-উচ্ছ্বাসের নয়, বরং এটি করুণা ও ক্ষমার রাত। উৎসবের প্রস্তুতির পাশাপাশি আমরা যেন ইবাদতের মাধ্যমে এই রাতের পূর্ণ ফজিলত অর্জন করতে পারি। আল্লাহর নৈকট্য লাভের এই অমূল্য সুযোগ হেলায় হারানো উচিত নয়।
লেখক: উম্মে জোবায়দা, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ