হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নো কিংস: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের বিক্ষোভ মিছিল

আজকের পত্রিকা ডেস্ক­

মিনেসোটায় ট্রাম্পের ইরান ও অন্যান্য নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে লাখো মানুষ। ছবি: সংগৃহীত

ইরানে যুদ্ধ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে শনিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে ‘নো কিংস’ মিছিলে লাখো মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল মিনেসোটা। আয়োজকেরা আশা করেছিলেন যে লাখ লাখ মানুষ এই গণবিক্ষোভে অংশ নেবে। বাস্তবে হয়েছিল তা-ই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সেন্ট পল শহরের মিনেসোটা ক্যাপিটল লন এবং আশপাশের রাস্তাগুলোতে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। কেউ কেউ উল্টো করা মার্কিন পতাকা ধরে রেখেছিলেন। সাধারণত ঐতিহাসিকভাবে মার্কিন পতাকা উল্টো করে ধরাকে বিপদের সংকেত হিসেবে ব্যবহৃত হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ব্রুস স্প্রিংস্টিন, যিনি ‘স্ট্রিটস অব মিনিয়াপলিস’ গানটি পরিবেশন করেন। ফেডারেল এজেন্টদের গুলিতে রেনি গুড এবং অ্যালেক্স প্রেটির মর্মান্তিক মৃত্যু এবং ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে শীতকালে রাস্তায় নামা হাজার হাজার মিনেসোটাবাসীর সম্মানে তিনি এই গানটি লিখেছিলেন।

গানটি শুরুর আগে স্প্রিংস্টিন গুড এবং প্রেটির মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার এনফোর্সমেন্টের (আইসিই) বিরুদ্ধে জনগণের এই নিরন্তর প্রতিবাদ সারা দেশের মানুষকে আশার আলো দেখিয়েছে। তিনি বলেন, ‘আপনাদের শক্তি এবং প্রতিশ্রুতি আমাদের বলছে যে এটি এখনো সেই আমেরিকাই আছে। এই প্রতিক্রিয়াশীল দুঃস্বপ্ন এবং আমেরিকান শহরগুলোতে এই আক্রমণ মেনে নেওয়া হবে না।’

নিউইয়র্ক সিটির মতো বড় শহর (যেখানে প্রায় ৮৫ লাখ মানুষের বসবাস এবং ডেমোক্র্যাটদের শক্তিশালী ঘাঁটি) থেকে শুরু করে পূর্ব আইডাহোর ছোট শহর ড্রিস (যেখানে জনসংখ্যা ২ হাজারের কম এবং ২০২৪ সালে ট্রাম্প ৬৬ শতাংশ ভোট পেয়েছিলেন)—সব জায়গাতেই মানুষ বিক্ষোভে অংশ নেয়।

মার্কিন আয়োজকদের হিসাবে, গত জুন এবং অক্টোবরে ‘নো কিংস’ র‍্যালির প্রথম দুই পর্বে যথাক্রমে ৫০ লাখ এবং ৭০ লাখ মানুষ অংশ নিয়েছিল। এই সপ্তাহে তারা সাংবাদিকদের জানিয়েছিলেন, শনিবার তারা ৯০ লাখ অংশগ্রহণকারীর আশা করছেন, যদিও সেই লক্ষ্য পূরণ হয়েছে কি না তা এখনই বলা যাচ্ছে না।

আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ১০০টির বেশি ইভেন্ট নিবন্ধিত হয়েছে, যা অক্টোবর মাসের তুলনায় ৫০০টি বেশি।

ক্যানসাসের টোপেকায় স্টেটহাউসের সামনে একটি র‍্যালিতে মানুষকে ‘ব্যাঙ রাজা’ এবং ট্রাম্পকে ‘শিশু’ হিসেবে সাজতে দেখা যায়। ওয়েন্ডি ওয়াট নামের একজন নারী ’ক্যাটস অ্যাগেইনস্ট ট্রাম্প’ সাইন নিয়ে ২০ মাইল (৩২ কিলোমিটার) দূর থেকে গাড়ি চালিয়ে এসেছিলেন এবং পরে নিজের শহরে আরেকটি র‍্যালিতে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ওয়াট বলেন, ট্রাম্প প্রশাসনের অনেক কিছু তাঁকে ক্ষুব্ধ করে, কিন্তু এই বিক্ষোভ তাঁকে ‘খুবই আশাবাদী’ করে তুলেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এই বিক্ষোভকে ‘বামপন্থী অর্থায়ন নেটওয়ার্কের’ ফসল হিসেবে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন যে এতে সাধারণ জনগণের কোনো সমর্থন নেই। জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ‘এই “ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন” নিয়ে কেবল তারাই মাথা ঘামায় যেসব সাংবাদিককে এটি কভার করার জন্য টাকা দেওয়া হয়।’

ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটিও (এনআরসিসি) এর তীব্র সমালোচনা করেছে। কমিটির মুখপাত্র মরিন ও’টুল বলেন, ‘এই আমেরিকাবিদ্বেষী র‍্যালিগুলো হলো সেই জায়গা যেখানে কট্টর বামপন্থীদের সবচাইতে হিংস্র এবং বিকৃত কল্পনাগুলো মাইক্রোফোন পায়।’

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় কড়াকড়ি, যাচাই করা হবে সামাজিক মাধ্যম

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স: জরিপ

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

শিগগির ইরান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

ফোনালাপে নেতানিয়াহুকে উচ্চ স্বরে তিরস্কার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ট্রাম্পের বিজ্ঞান প্যানেলে ৯ ধনকুবের, বিজ্ঞানী একজন

সৌদি যুবরাজ আমাকে তোষামোদ করছেন: ট্রাম্প

ইরান আর মধ্যপ্রাচ্যের ‘বুলি’ নয়, তারা এখন পালাচ্ছে: ট্রাম্প

স্থল সৈন্যের প্রয়োজন নেই, কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: রুবিও