ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা আরও তীব্র হবে। তিনি বলেছেন, ইরানি হামলায় প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নরকের দরজা আরও প্রসারিত হবে।
আজ মঙ্গলবার আইআরজিসি মুখপাত্র এ হুঁশিয়ারি দিয়েছেন বলে ইরানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।
অপারেশন ট্রু প্রমিজ ৪-এর সময় ইসরায়েলের অধিকৃত অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, এবারের যুদ্ধের প্রথম ও দ্বিতীয় দিনে ইরানের সামরিক প্রতিক্রিয়া ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধের তুলনায় অনেক শক্তিশালী ও ধ্বংসাত্মক ছিল।
আইআরজিসি মুখপাত্র আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো উন্নত করা হয়েছে এবং গত বছরের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় আরও উন্নত। তিনি বলেন, ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সংখ্যা শত্রুদের প্রত্যাশার চেয়ে বেশি এবং তাদের হতবাক করে দিয়েছে।