হোম > ফ্যাক্টচেক > দেশ

‘মোশাররফ হোসেনের জানাজায় জনতার ঢল’ দাবিতে প্রচারিত ছবিগুলো ৯ বছর আগের

ফ্যাক্টচেক ডেস্ক 

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল দাবিতে প্রচারিত ছবি। ছবি: স্ক্রিনশট

আওয়ামী লীগ নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল নেমেছে— দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে

এক্সে পোস্ট আছে এখানে এবং গণমাধ্যমে পোস্ট আছে এখানে (,)।

‘Kabir Chowdhury Tanmoy’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৪ মে রাত ৯টা ৫৭ মিনিটে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। শেয়ার করা ওই পোস্টে আজ (১৭ মে) দুপুর ১টা ৫২ মিনিট পর্যন্ত ২ হাজার ৪০০ রিয়েকশন, ৩৬৯ কমেন্ট ও ২২ শেয়ার রয়েছে।

ওই পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ‘এটাই আওয়ামী লীগ। কয়েকটা ফইন্নির ঘরের রাজাকার শাবক বলেছিল, ব্যানার ধরার জন্য দুইজন আওয়ামী লীগের নেতাকর্মী তো দূরে থাক, সমর্থক খুঁজে পাওয়া যাবে না। আবার কিছু পাক-মার্কিন দালাল বলেছিল, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর মৃত্যু হলে জানাজা দেওয়ার জন্য, জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যাবে না... আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাজায় লক্ষ-লক্ষ মানুষের ঢল দেখে পাক-মার্কিন দালালদের সাথে তাদের দোসরদের নিশ্চয় ভয়ে রাতে ঘুম হবে না। কারণ, জাতীয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাযায় জনস্রোত ঠেকাতে গতকাল থেকে নাকি তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রীয় প্রশাসন এবং বিএনপি-জামায়াত তোড়জোড় শুরু করে দিয়েছিল... নগরীর জামিয়াতুল ফালাহ ময়দানসহ আশেপাশের এলাকায় কয়েক লাখ মানুষের সম্মিলিত উপস্থিতিতে চট্রগ্রামবাসী বিদায় জানায় তাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফকে... আপনি কি বলেন?’

একই দাবি ও ছবি ব্যবহার করে ‘ড. মুহাম্মদ জাফর ইকবাল নামের একটি ফেসবুক পেজ থেকেও পোস্ট করে দাবি করা হয়, ‘আওয়ামী লীগের নেতাদের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ এটি..!! সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাজায় জনতার ঢল...!!’

আজকের পত্রিকার অনুসন্ধান

সংশ্লিষ্ট কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধানে গত ১৪ মে চট্টগ্রামে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে সেখানে অনুষ্ঠিত জানাজার স্থান ও দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিগুলোর কোনো মিল (,) খুঁজে পাওয়া যায়নি।

ভাইরাল ছবিটির প্রকৃত উৎস জানতে আরও অনুসন্ধানে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত ‘চিরনিদ্রায় শায়িত মহিউদ্দিন চৌধুরী’ শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলো-র একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল রয়েছে।

প্রথম আলোর ওই প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃতদেহ ২০১৭ সালের ১৫ ডিসেম্বর বিকেলে নগরের লালদীঘি ময়দানে আনা হয়। এ সময় লাখো মানুষ জড়ো হন এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে। একই দিনে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘বিডি নিউজ টুয়েন্টিফোর’-এর প্রকাশিত প্রতিবেদনেও অবিকল একই ছবি পাওয়া যায়।

প্রচারিত ছবির সঙ্গে ২০১৭ সালের বিডিনিউজের ছবির হুবহু মিল। ছবি: স্ক্রিনশট

অর্থাৎ, ২০১৭ সালে লালদীঘি ময়দানে আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জানাজার ছবিকে সদ্যপ্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার ছবি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেনের মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

সিদ্ধান্ত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় জমায়েত দাবিতে প্রচারিত ছবিগুলো ২০১৭ সালে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জানাজা নামাজের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ছাত্রলীগের মিছিল নিয়ে তথ্যমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ের খবরটি ভারতের, জামায়াত নেতার নামে মিথ্যা প্রচার

জুলাই আন্দোলনের ভিডিওকে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

সুনামগঞ্জের ‘চোর নির্মূল কমিটি’র অভিযানকে সাম্প্রদায়িক নির্যাতন বলে প্রচার

‘ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়া’র ভিডিওটি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের বানানো

কুমিল্লায় শিশু নির্যাতনের ভিডিওকে আ.লীগ নেতার ছেলেকে হত্যা দাবিতে প্রচার

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিলের দাবিটি গুজব

সীমান্তে মাইন পুঁততে গিয়ে ভারতীয় গুপ্তচর আটকের দাবিটি মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতার

‘জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে’—রুমিন ফারহানার নামে ছড়ানো বক্তব্যটি বানোয়াট

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনার গাড়িবহর বলে প্রচার