খুরশীদ আলমের গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’। দোস্ত দুশমন সিনেমায় গানটি গেয়েছিলেন শিল্পী। পরে পান্থ কানাইয়ের গানটি রিমেক করা হলে সেটাও জনপ্রিয়তা পায়। এবার গানটির নতুন ভার্সন নিয়ে এসেছেন পান্থ কানাই। শিরোনাম দেওয়া হয়েছে ‘আবার চুমকি’। ঈদের দিন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন গানটি।
আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। এই প্রথম পর্দায় জুটি হয়ে ধরা দিলেন বাসার ও পারসা। ভিডিওতে দেখা গেছে পান্থ কানাইকেও। ভিডিওটি নির্মাণ করা হয়েছে সত্তরের দশকের আবহে, যেখানে পুরোনো বাংলা সিনেমার নস্টালজিয়া ফুটিয়ে তোলার চেস্টা করেছেন নির্মাতা।
নতুন এই গানটি নিয়ে পান্থ কানাই বলেন, ‘খুরশীদ আলমের গাওয়া চুমকি চলেছে একা পথে একটি কালজয়ী সৃষ্টি। সেই গান রিমেক করার পর দারুণ সাড়া পেয়েছিলাম। এবার দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি হয়েছে আবার চুমকি। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের আনন্দ দেবে এবং ঈদের উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে।’
ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘এটি মূলত গল্পভিত্তিক কোনো ভিডিও নয়, বরং একটি আনন্দময়, ফান-লাভিং গান। চুমকি চলেছে একা পথে গানটির ঐতিহ্য মাথায় রেখেই নতুনভাবে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। সেট, কস্টিউম এবং পারফরম্যান্স সবকিছুতেই সেই সময়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
খায়রুল বাসার বলেন, ‘চুমকি চলেছে একা পথে আমাদের প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয়। আবার চুমকি গানে কাজ করা ভিন্ন অভিজ্ঞতা। অংশু ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। গানটিতে ফান ও উৎসবের দারুণ মুড রয়েছে।’