হোম > বিনোদন > গান

কানাডায় কুমার বিশ্বজিতের একক কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কুমার বিশ্বজিৎ। ছবি: সংগৃহীত

ছেলের অসুস্থতার কারণে তিন বছর ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ছেলেকে নিয়মিত সময় দেন তিনি। পাশাপাশি সেখানে থেকেই সুযোগ-সুবিধামতো তৈরি করছেন গান, অংশ নিচ্ছেন কনসার্টে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কানাডায় একটি একক কনসার্টে গান শোনাবেন কুমার বিশ্বজিৎ।

১৪ ফেব্রুয়ারি কানাডার টরন্টোর স্কারবরোতে গ্র্যান্ড সিনামন ব্যাংকোয়েট হলে স্থানীয় সময় বিকেলে শুরু হবে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ কুমার বিশ্বজিৎ লাইভ’ শিরোনামের এই কনসার্ট। প্রবাসী বাঙালি দর্শকদের সামনে কুমার বিশ্বজিৎ গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। এই কনসার্ট উপলক্ষে এ মাসের শুরু থেকেই চলছে অগ্রিম টিকিট বিক্রি। আয়োজক কর্তৃপক্ষের পক্ষে স্থানীয় রিয়েলেটর দ্বীন ইসলাম জানিয়েছেন, অগ্রিম টিকিট থেকে ভালো সাড়া পাচ্ছেন তাঁরা।

দুই বছর ধরেই কানাডায় নিয়মিত বিভিন্ন কনসার্টে গান গাইতে দেখা গেছে কুমার বিশ্বজিৎকে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশেও পারফর্ম করেছেন তিনি। কনসার্টের পাশাপাশি নতুন গান নিয়েও কাজ করছেন কুমার বিশ্বজিৎ। গত জানুয়ারিতে প্রকাশ পেয়েছে তাঁর সুরে সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়ার গান ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’। আসিফ ইকবালের লেখা গানটির সংগীত আয়োজন করেছেন কিশোর দাস। এর আগে কিশোর দাসের জন্য একাধিক গান তৈরি করেছেন কুমার বিশ্বজিৎ।

উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কানাডায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। সেই দুর্ঘটনার পর থেকে বেশির ভাগ সময় কানাডায় অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ, থাকছেন ছেলের পাশে। বর্তমানে কানাডার মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারের তত্ত্বাবধানে রয়েছেন নিবিড়। লড়াই করছেন স্বাভাবিক জীবনে ফেরার। কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, ধীরে হলেও নিবিড়ের অবস্থার উন্নতি হচ্ছে।

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান