হোম > শিক্ষা

এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত দুর্ঘটনার কারণে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় আজ ২২ জুলাই, মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, ২২ জুলাই স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, আজ মঙ্গলবার সকাল ৭ টা ১১ মিনিটে এক ক্ষুদে বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম শিক্ষা উপদেষ্টার বরাতে জানান, আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার পর আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান গতকাল সোমবার বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

মাইলস্টোনের ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

শিক্ষায় বিনিয়োগ বাড়ানো ও কোচিং-নির্ভরতা বন্ধের দাবি

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ: পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল এনটিআরসিএ