হোম > শিক্ষা

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

রাহুল শর্মা, ঢাকা 

ফাইল ছবি

বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়েও (সরকারি ও বেসরকারি) অনলাইন ও অফলাইন (সশরীর) মিলিয়ে (ব্লেন্ডেড) শ্রেণি কার্যক্রম চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান, প্রাথমিকের একাধিক সংগঠনের শিক্ষক নেতা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের মতো (বিশ্ববিদ্যালয় ছাড়া) প্রাথমিকেও তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে (সশরীরে) শ্রেণি কার্যক্রম পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে বা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সূত্র আরও বলছে, প্রস্তাবিত ব্যবস্থায় জোড়-বিজোড় তারিখের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনা করা হতে পারে। শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেবেন এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অফলাইনে (সশরীরে) অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় ছাড়া) সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের মার্চে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে এসব প্রতিষ্ঠানে অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা শুরু হয়েছিল।

জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের সভায় (বুধবার) প্রাথমিকেও সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে (সশরীরে) শ্রেণি কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি, শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

গতকাল সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষামন্ত্রী বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় শিক্ষার্থীদের ‘অনলাইন ও সশরীরে’—দুই পদ্ধতি মিলিয়ে ক্লাস নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান। তিনি জানান, এ বিষয়ে তাঁরা একটি প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবেন। এরপর এটি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং সিদ্ধান্ত আসবে।

অনলাইনে ক্লাস চালুর ভাবনার ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা যেহেতু বৈশ্বিক সমস্যা, শুধু বাংলাদেশের নয়; আমরা জানি না, এ সংকট কত দিন চলবে; সে কারণে আমরা ভাবছি, অনলাইন-অফলাইন দুভাবে ক্লাস নেওয়ার ব্যবস্থা প্রবর্তন করা যায় কি না।’

মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমরা একটি জরিপ করেছি। সেই জরিপে ৮৫ শতাংশ মানুষ চাচ্ছে, তারা যেন অনলাইনে যায়। কিন্তু পুরোপুরি অনলাইনে যদি যাওয়া হয়, তাহলে আমরা আবার অসামাজিক হয়ে যাব। এটা নিয়ে আমরা ভাবছি।’

স্কলারশিপ: যুক্তরাজ্যে পড়ার স্বপ্ন যাঁদের

‎জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে

জবির বেদখল ২ হল খালি করতে ১০ দিনের আলটিমেটাম ছাত্রদলের

ফিরছে অনলাইন ক্লাস: ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন

ক্যাম্পাসের সামনে বাসে চাঁদাবাজির অভিযোগ, তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি

আরপিএসইউ কালচারাল ক্লাবের নেতৃত্বে উর্বরা ও সিয়াম

জ্বালানি সাশ্রয়ে সশরীরে ও অনলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

ইডেন মহিলা কলেজে ফের উচ্চমাধ্যমিক চালু হচ্ছে

গুচ্ছের ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগে প্রথম হলেন যশোরের ঐশী

অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের শাখা-স্টাডি সেন্টার বন্ধের নির্দেশ