হোম > অর্থনীতি

নেতৃত্বশূন্যতায় ২৬ দিন স্থবির কার্যক্রম

মাহফুজুল ইসলাম, ঢাকা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম আসলাম আলম পদত্যাগ করেছেন ২ মার্চ। এরপর ২৬ দিন পার হলেও এখনো নতুন চেয়ারম্যান নিয়োগ করেনি সরকার। ফলে সংস্থাটি কার্যত অভিভাবকহীন।

আইডিআরএতে নেতৃত্বের অভাবে সংস্থার স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ নীতিমালা ও সিদ্ধান্তগুলো স্থগিত রয়েছে; যা প্রভাব ফেলছে সরাসরি বিমা খাতের ওপর। এ খাতের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নেতৃত্ব না থাকলে এই খাতের আস্থা, দাবি নিষ্পত্তি ও শৃঙ্খলা দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।

আইডিআরএ সূত্র জানায়, সংস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা আবশ্যক। এই সময়ে শুধু কিছু নিয়োগ পরীক্ষার কাজ হয়েছে। যদিও আগে সংস্থার চেয়ারম্যান পদ খালি হলে দু-তিন দিনের মধ্যে এই নিয়োগ দেওয়া হতো। কিন্তু এখন নতুন চেয়ারম্যান নিয়োগে দীর্ঘসূত্রতা চললেও এর মাঝে সংস্থার কাজ চালিয়ে নিতে বিদ্যমান সদস্যদের মধ্য থেকেও কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়নি। অর্থাৎ অনেকটাই স্থবির আইডিআরএর কার্যক্রম। এম আসলাম আলম ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান পদে নিয়োগ পেয়ে সংস্থার দায়িত্ব নেন। এর আগে তিনি দীর্ঘ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী।

সংস্থার সার্বিক কার্যক্রম বিষয়ে জানতে চাইলে মুখপাত্র সাইফুন্নাহার সুমি আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান পদ খালি হওয়ার পর নতুন কাউকে এখনো নিয়োগ দেয়নি সরকার। তাই সংস্থার কার্যক্রম সীমিত হয়ে পড়েছে।’

‘সরকারের উচিত সংস্থাটিতে অতিদ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগ করা’—জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন। অন্যদিকে ‘চেয়ারম্যান না থাকায় সংস্থার শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। আগে কোনো কারণে পদ খালি হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হতো। এবার সবচেয়ে দীর্ঘ সময় ধরে শূন্য চলছে’—দাবি করেছেন জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

বর্তমানে দেশের বিমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের প্রায় ৮ হাজার কোটি টাকা বিমা দাবি রয়েছে, যার অগ্রগতি এখন কার্যত স্থগিত। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বলেন, ‘চেয়ারম্যানের নিয়োগ বিলম্বে এ খাতের ওপর নজরদারি ও আস্থার সংকট বাড়ছে। সরকারের উচিত দ্রুততম সময়ে পদটি পূরণ করা।’

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক নিশ্চিত করেছেন, এখনো চূড়ান্ত কোনো নাম ঠিক করা হয়নি। তবে শিগগির এ পদে কাউকে নিয়োগ দেওয়া হবে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এখন এই নিয়োগে মুখ্য ভূমিকা পালনকারী আর্থিক প্রতিষ্ঠান বিভাগেই বদল হয়েছে সচিব। এখন নতুন সচিব কাজে যোগ দেবেন, কার্যক্রম দেখবেন, তারপর হয়তো সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে পরামর্শ করে চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়ে পরবর্তী ধাপে যাবেন। এ প্রক্রিয়া শেষ করতে আর কত দিন পার হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

সঞ্চয়পত্রে ভাঙার চাপ, জানুয়ারিতে বড় ঘাটতি

কুয়েত যেতে সৌদি আরব হয়ে ঢাকায় ফ্লাইট চালুর উদ্যোগ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল পেলেন আরও দুই গ্রাহক

১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে পাচার ৬ হাজার ৮৩০ কোটি ডলার

আমেরিকা থেকে স্বপ্নর গ্রাহকদের তথ্য হ্যাক, ১৮ কোটি টাকা দাবি

ডিপো থেকে তেল সংগ্রহের নতুন সময় নির্ধারণ

দৈনিক কত লিটার তেল পাচ্ছে পাম্পগুলো, তা বোর্ডে দেখানোর নির্দেশ

৬ ঘণ্টার ব্যবধানে দেশে সোনার দাম বাড়ল ৪৫৩৯ টাকা

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সারসংকটে পড়তে যাচ্ছে কি