দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত সম্পর্কের বাস্তবতায় ঢাকা-নারিতা-ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দ্রুত এই রুটে ফ্লাইট পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়।
আফরোজা খানম বলেন, শুরুতে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও জাপানের সিভিল অ্যাভিয়েশন ব্যুরো (জেসিএবি) প্রয়োজনীয় সেফটি অডিট সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় চাওয়ায় ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে বিমানের ওয়াইড বডি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে। পরবর্তীতে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ঢাকা-নারিতা রুটটি বন্ধ হওয়ার পেছনে যেসব কারণ দেখানো হয়েছিল, সেগুলোর অনেকগুলোই বর্তমানে আর বিদ্যমান নেই। সরকারের পর্যালোচনায় দেখা গেছে, রুটটির বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে এবং জাপানে বসবাসরত বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমানে জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী রয়েছেন। তাদের পাশাপাশি ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এই রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক রুটকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলতে কিছুটা সময় প্রয়োজন হয়। কার্যকর বিপণন কৌশল, যাত্রী আস্থা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিচালনার মাধ্যমে ঢাকা-নারিতা রুটকে দীর্ঘ মেয়াদে লাভজনক ও টেকসই করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।
উল্লেখ্য, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর দীর্ঘ প্রায় ১৭ বছর পর পুনরায় এই রুটে ফ্লাইট চালু করা হয়েছিল।
বিমান সূত্রে জানা গেছে, আগামী ২০ জুন থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হবে এবং বিমানের ওয়েবসাইটসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে টিকিট উন্মুক্ত করা হবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি রুট পুনরায় চালু করা নয়; বরং আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ বৃদ্ধি, নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক বিমান চলাচল নেটওয়ার্কে দেশের অবস্থান আরও শক্তিশালী করা।