হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলের সিল্ক শিল্প: দিনরাত ব্যস্ত কারিগরেরা

আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল

হস্তচালিত তাঁতে শাড়ি বুনছেন এক কারিগর। গতকাল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে। আজকের পত্রিকা

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়। পাথরাইলের প্রায় ৫০০ তাঁতের চিত্র এখন একই।

তাঁতশিল্পে জড়িত ব্যক্তিরা জানান, ১০ বছর আগেও টাঙ্গাইলে প্রায় ১ লাখ ২৪ হাজার তাঁত ছিল। সরাসরি এই শিল্পের ওপর নির্ভরশীল ছিল প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ। করোনার ধসে প্রায় ৪০ শতাংশ তাঁত বন্ধ হয়ে যায়। শুধু পাথরাইলে ছিল ৫ হাজার তাঁত। বর্তমানে ৫০০ কারখানাও সচল নেই। কারিগররাও পেশা পরিবর্তন করছেন। তারপরও ঈদুল ফিতর ও বৈশাখকে কেন্দ্র করে উপজেলার পাথরাইল, চণ্ডী, নলুয়া এবং কালিহাতীর বল্লা ও রামপুর এলাকা এখন অনেকটা উৎসবমুখর। তাঁতিরা সাধ্যমতো বুনে চলেছেন জামদানি, সিল্ক, সফট সিল্ক এবং টিস্যু সিল্কের মতো আকর্ষণীয় সব শাড়ি।

তবে সামগ্রিকভাবে শাড়ি ব্যবহার কমে যাওয়ায় থ্রি-পিস ও পাঞ্জাবির কাপড়ও তৈরি হচ্ছে তাঁতপল্লিতে। বুনন শিল্পীদের হাতে তৈরি কাপড় অনলাইন-অফলাইনে সমান তালে বিক্রি হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৫০০ থেকে ২০ হাজার টাকা দামের শাড়ির চাহিদাই বেশি। এবার ঈদে টাঙ্গাইলে ২৪ লাখ শাড়ি উৎপাদন হয়েছে; যা ৩৫০ কোটি টাকায় বিক্রির আশা করছেন তাঁতশিল্প সংশ্লিষ্টরা।

ঢাকার গুলশানের নিকেতন এলাকার সিএ ফার্মের শিক্ষানবিশ কানিজ ফাতেমা গতকাল মঙ্গলবার গিয়েছিলেন পাথরাইলের ‘শুদ্ধ তাঁত’ কারখানায়। পাশের শোরুম থেকে দাদির জন্য সংগ্রহ করেছেন তাঁর পছন্দের চিকন পাড়ের শাড়ি।

অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক জয়নাল আবেদীন স্ত্রীর জন্য শাড়ি কেনেন একই এলাকার যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি থেকে। জয়নাল বলেন, সাধ্যের মধ্যে সুন্দর ও বনিয়াদি শাড়ি চাইলে টাঙ্গাইল শাড়ির বিকল্প নাই। স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত এবং শৌখিন মানুষের পছন্দের শাড়িও পাওয়া যায় পাথরাইলের দোকানগুলোতে।

টাঙ্গাইল শাড়ি ঘিরে জেলার দেলদুয়ারের পাথরাইল গ্রাম আর গ্রাম নেই। অনেকটা শহরে পরিণত হয়েছে। দূরদূরান্ত থেকে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের প্রয়োজন মেটাতে এই জনপদেও গড়ে উঠেছে বাহারি সব খাবারের দোকান। সেখানে মিলছে ফাস্ট ফুডসহ সব ধরনের খাবার।

শুদ্ধ তাঁত কারখানার মালিক কালাচাঁদ বসাক বলেন, ঈদ এবং গরম মাথায় রেখে সফট কালার দিয়ে শাড়ি তৈরি করা হয়েছে। সুতি, সিল্ক, হাফ সিল্ক শাড়ির চাহিদা বেশি। করোনার ধস কেটে উঠে বেচাকেনা বেড়েছে। তবে করোনার আগের যে রমরমা অবস্থা ছিল, তা এখনো ফেরানো সম্ভব হয়নি। আগে দুই ঈদ ও বৈশাখ মিলে দেশ-বিদেশ প্রায় ১৩-১৪ কোটি টাকা বিক্রি করতাম। করোনার সময় বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল। এবার ৪ কোটির মতো বিক্রি হতে পারে।

কালাচাঁদ বসাক আরও বলেন, বর্তমানে হাতে বোনা তাঁত মেশিন কমে গেছে। পাওয়ার লুম নির্ভর হচ্ছেন ব্যবসায়ীরা। আমরা ঐতিহ্য ধরে রাখার প্রয়োজনে এখনো তাঁত মেশিনে শাড়ি উৎপাদন করি। তবে হাতে বোনা শাড়ির দাম একটু বেশি। মেশিনে তৈরি শাড়ির দাম কম। মেশিনে তৈরি শাড়ি ৭০০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হয়। আর হাতে তৈরি শাড়ি ১২ হাজার থেকে শুরু করে লাখ টাকার ওপরে বিক্রি হয়।

টাঙ্গাইল জেলা শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, ‘কাঁচামালের মূল্যবৃদ্ধি আর কারিগর-সংকটের কারণে টাঙ্গাইলের ঐতিহ্য ধরে রাখতে হিমশিম খাচ্ছি। আবার পাওয়ার লুমের প্রভাবে আমাদের বাজারে বড় ধরনের প্রভাব পড়ছে। দুই দিকের সংকটে আমরা চ্যাপ্টা হওয়ার অবস্থায়। ২০১৫ সালে হাতে বোনা তাঁত কারখানা ছিল ৫ হাজারে ওপরে। বর্তমানে ৫০০-এর নিচে নেমে এসেছে। ছোটবড় মিলিয়ে ১২৫টির মতো দোকান রয়েছে।’

রঘুনাথ বসাক আরও বলেন, শাড়ির চাহিদা বাড়লেও সাধারণ মানুষের বাজেট সীমানা বাড়েনি। বরং অনেক ক্ষেত্রে কমেছে। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে স্থলপথে টাঙ্গাইল শাড়ি পরিবহন বাধাগ্রস্ত হয়। পরে জাহাজে করে শাড়ি ভারতে পাঠাতে হয়েছে। যার ফলে রপ্তানি গত বছরের ৪০০ কোটির চেয়ে কমে ৩৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থলবন্দরের মাধ্যমে টাঙ্গাইল শাড়ি বিক্রয়ের পথ সুগম করার দাবি জানান।

চার লেনের চাপ দুই লেনে, জটের শঙ্কা

টাঙ্গাইলে শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের মাতম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: এলিভেটেডের কাজে ঈদে দুর্ভোগের শঙ্কা

ঈদে যানজট: ৭ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুর ট্রাক চলবে না

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

গোপালপুরে রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, আটক ৪ কসাই