হোম > সারা দেশ > রাজশাহী

শিশু হুমায়রা হত্যাকাণ্ড: সন্দেহভাজনের বাড়িতে হামলা-ভাঙচুর, বিক্ষোভ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

শিশু হুমায়রার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরে শিশু হুমায়রা জান্নাত (৪) হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হাটকানপাড়া বাজার এলাকা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মরদেহবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আজ রোববার বিকেলে উপজেলার হাটকানপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অ্যাম্বুলেন্স থেকে হুমায়রার মরদেহ নামানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্দেহভাজন রাজীব হাসানের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাড়িটি ঘিরে রাখেন পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা। রাজীব সম্পর্কে নিহত শিশুর বাবা হাসিবুল হোসেন শান্তর চাচাতো ভাই।

এর আগে বেলা ৩টার দিকে হুমায়রার মরদেহ হাটকানপাড়া বাজারে আনা হয়। বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে দাফনের কথা থাকলেও গ্রামবাসীর উদ্যোগে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।

একপর্যায়ে উত্তেজিত জনতা মরদেহ দাফনে বাধা দিয়ে চার ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা-পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ঘটনাস্থলে যান পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। তাঁদের হস্তক্ষেপে মরদেহ অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন রাজীব হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন যুবক জানান, গতকাল শনিবার দুপুরে রাজীবের বাড়ির সামনে থেকে শিশু হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের সন্দেহের তির তাঁর দিকেই।

জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শিশুর মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। আমরা কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছি। তদন্তের অগ্রগতি পরে জানানো হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা। এরপর গতকাল বেলা ২টার দিকে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা হাসিবুল হোসেন শান্ত একজন ওষুধ ব্যবসায়ী।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত