রাজশাহীর চারঘাটে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার রাওথা বালুরঘাট এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আশপাশের স্থানীয় লোকজন এই অস্ত্র ও কার্তুজের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ফলে এসব অস্ত্র কারা সেখানে রেখে গেছে বা এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে র্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী চক্র পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র সংগ্রহ করে আনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যেতে পারে।
রিভলবার ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চারঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সেগুলো হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব।