হোম > সারা দেশ > রাজশাহী

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আজ সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কথা বলেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: আজকের পত্রিকা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। সেভাবেই পুলিশ বাহিনীর সবাইকে কাজ করতে হবে। বুধবার (৮ এপ্রিল) রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের (এসআই) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে সব সময় নিজেকে আধুনিক ও আপডেট রাখতে হবে।

৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছেন না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছেন। এই পেশার মূলমন্ত্র হচ্ছে “সেবাই ধর্ম”। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠার মূল্যবোধ ধারণ করেই দায়িত্ব পালন করতে হবে। নতুন কর্মকর্তারা পেশাদারত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবেন।’

এর আগে আইজিপি কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এবারের কুচকাওয়াজে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন। তাঁদের মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

রাজশাহীতে সনদ জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্ত করার নির্দেশ রাসিক প্রশাসকের

রাজশাহীর মনোয়ার হত্যা মামলায় হুইপ রুহুল কুদ্দুসসহ জেএমবির সব আসামি বেকসুর খালাস

বাঘায় নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল চা-বিক্রেতার মরদেহ

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের দাবি

২০ বছর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাবিতে গণভোট-বিষয়ক সেমিনার: ব্যারিস্টার ফুয়াদ ও শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি গভীর সংকট সৃষ্টি করতে পারে: শিশির মনির

ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন পুলিশ কনস্টেবলকে ঢাকায় প্রেরণ