হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ফুয়েল অ্যাপ চালু, পাঁচ দিনে একবার নেওয়া যাবে তেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর গুলগফুর পেট্রোলিয়ামে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় নগরের কুমারপাড়ায় গুলগফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এই সেবা গ্রহণে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।

জেলা প্রশাসক জানান, নতুন এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এর আওতায় একজন মোটরসাইকেলচালক পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা প্রাইভেট কার চালক সর্বোচ্চ ২ হাজার টাকার জ্বালানি তেল কিনতে পারবেন। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা অ্যাপ ব্যবহার করে সরাসরি যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যানের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করবেন।

গাড়িচালকেরা অ্যাপে তেল নিলেও কৃষকদের জন্য রয়েছে নির্ধারিত ফুয়েল কার্ড। ফুয়েল কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পেট্রলপাম্পে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমানো এবং অবৈধভাবে তেল মজুত রোধ করতেই এই অ্যাপ চালু করা হয়েছে। কোনো গ্রাহক একবার তেল নিলে পরবর্তী পাঁচ দিন পূর্ণ হওয়ার আগে পুনরায় তেল নিতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজে শনাক্ত করা সম্ভব হবে।

শহিদুল ইসলাম আরও বলেন, এই ব্যবস্থা কার্যকর হলে তেল সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যাবে। এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের নির্ধারিত নিয়ম মেনে তেল নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত