হোম > সারা দেশ > পিরোজপুর

ভাঙা সেতুর ওপর সুপারিগাছ দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

ভাঙা সেতুর ওপর সুপারিগাছ দিয়ে পারাপারের চেষ্টা এলাকাবাসীর। ছবি: আজকের পত্রিকা

সেতুটি ছিল এলাকার কয়েক হাজার মানুষের পারাপারের মাধ্যম। নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কামারকাঠি গ্রামের মানুষের চলাচলের ভরসা সেই সেতু পুরোনো হওয়ায় হঠাৎ ধসে পড়েছে। এতে অন্তত ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি সদর ইউনিয়নের বালিবাড়ী এবং জলাবাড়ী ইউনিয়নের পূর্ব কামারকাঠি গ্রামের মডেল স্কুল ভায়া ইদেলকাটি সড়কের ওপর নির্মিত সেতুটি অনেক দিন আগেই নড়বড়ে হয়ে গিয়েছিল। ৬ মে দুপুরের দিকে পাঁচজন যাত্রী নিয়ে একটি গাড়ি নড়বড়ে সেতুটি পার হচ্ছিল। কিছু সময় পর হঠাৎ বিকট শব্দে সেতুর মাঝের অংশ ধসে খালের মধ্যে পড়ে যায়।

ভাঙা সেতুর ওপর সুপারিগাছ দিয়ে পারাপারের চেষ্টা এলাকাবাসীর। ছবি: আজকের পত্রিকা

এলাকাবাসী জানান, সেতু ভেঙে যাওয়ার পর এখন কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে তাঁদের। এতে সময় ও অর্থ খরচ হচ্ছে বেশি। ভাঙা সেতুর ওপর সুপারিগাছ ফেলে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দা মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘ব্রিজটির বয়স প্রায় ১৫ বছর। বছর দেড়েক ধরে ব্রিজটি ক্রমেই নাজুক হয়ে পড়েছিল। কয়েক দিন আগে হঠাৎ এটি ভেঙে পড়েছে। এই ব্রিজ দিয়ে বালিবাড়ী, ইদেলকাঠি, জগন্নাথকাঠি ও শান্তির হাট বাজারে গ্রামের মানুষ যাতায়াত করে। কাছাকাছি বিকল্প সড়ক না থাকায় সুপারিগাছ বিছিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।’

অপর এক বাসিন্দা বলেন, ‘পাঁচটি গ্রামের ভরসা এই ব্রিজ। ব্রিজটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে এখানকার বাসিন্দারা। ব্রিজটি অতিদ্রুত নির্মাণ করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে দুর্ভোগ হবে পাহাড়সম।’

জলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন সমাদ্দার বলেন, ‘ব্রিজ ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা খুবই দুর্ভোগে আছেন। ব্রিজ ভাঙার কারণে এই রাস্তায় কোনো যান চলাচল করতে পারে না। এতে এখানকার বাসিন্দারা অসুস্থ রোগী নিয়ে বেশি বিপদে পড়ছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে কথা বলেছি। এখন পরিষদ যা করে।’

জলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি ব্রিজটি ভেঙে পড়েছে। এমপি সাহেব সেটি মেরামত বা তৈরির জন্য অর্থ বরাদ্দ দেবেন বলেও শুনেছি।’

নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিবিপ্রবির ভিসি হলেন ড. ছবিরুল

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

জরাজীর্ণ ভবন ও ওষুধ সংকটে নেছারাবাদের কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা

ভান্ডারিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার