হোম > সারা দেশ > নেত্রকোণা

আজ মহান মে দিবস

ইট ভাঙলেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা)

ইট ভেঙে খোয়া তৈরির কাজ করছেন নারী। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।

বলছিলাম নেত্রকোনার দুর্গাপুরে ইট ভেঙে খোয়া তৈরির কাজ করা শতাধিক নারীর কথা। তাঁরা পৌর শহরের দেশওয়ালী পাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন জায়গায় ১০-১৫ বছর ধরে ইট ভাঙার কাজ করছেন। এই কাজ করতে গিয়ে প্রায়ই হাতুড়ি কিংবা ইটের আঘাত লাগে হাতে বা পায়ে। এরপরও জীবনযুদ্ধে টিকে থাকতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট ভেঙে প্রতি বস্তা খোয়ায় পারিশ্রমিক পান ১৫ টাকা। একজন নারী প্রতিদিন আয় করতে পারেন ১৫০ থেকে ২০০ টাকা। স্থানীয় বাসিন্দারা এখান থেকে স্বল্প মূল্যে খোয়া কিনে নিয়ে ঢালাইসহ নানা কাজে ব্যবহার করেন।

পৌর শহরের বালিকান্দির ৬৫ বছর বয়সী ফাতেমা বলেন, ‘স্বামী মারা গেছে ১০ বছর আগে। ছেলের মানসিক সমস্যা থাকায় ছেলের বউ-নাতিদের আমাকে খাওয়াতে হয়। বুড়া বয়সে চোখে কম দেখি। তারপরও বাধ্য হয়ে ইট ভাঙার কাজ করছি।’

বুরুঙ্গা গ্রামের জহুরা বেগম বলেন, ‘দুর্ঘটনায় স্বামীর হাত ভেঙে গেছে, কাজ করতে পারে না। আমি ইট ভেঙে স্বামীর ওষুধের খরচসহ সংসার চালাচ্ছি। প্রতিদিন ১৫০-২০০ টাকা ইনকাম করতে পারি। এটা দিয়ে কষ্ট করে চলি।’

একই গ্রামের জাহানারা জানান, তাঁর স্বামী অসুস্থ। ছেলেরা নিজেদের সংসার চালাতেই হিমশিম খান। এ জন্য তিনি ১০ বছর ধরে ইট ভাঙার কাজ করে সংসার চালাচ্ছেন।

চকলেংগুরা গ্রামের আরতি রবিদাস জানান, স্বামীর উপার্জনের টাকায় সংসার চলে না। তাই সন্তানদের লেখাপড়ার খরচসহ অন্যান্য খরচ জোগাতে তিনি দীর্ঘদিন ধরে ইট ভাঙছেন।

ইট ভেঙে খোয়া তৈরির কাজ করছেন নারী। ছবি: আজকের পত্রিকা

এই শ্রমিকদের কল্যাণের বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর আজকের পত্রিকাকে বলেন, নারী শ্রমিকেরা যদি বৈষম্যের শিকার হন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের জন্য সরকারি সহযোগিতা এলে এসব নারীদের মূল্যায়ন করা হবে।

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর

নেত্রকোনা-২: লক্ষাধিক ভোটের ব্যবধানে ডা. আনোয়ারুল হক বিজয়ী

জীবনে কোনো দিন আবার ভোট দিতে পারব কল্পনাও করতে পারিনি: লুৎফুজ্জামান বাবর

ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭