হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ২২ মের আগে আম সংগ্রহ করা যাবে না

 নওগাঁ প্রতিনিধি

গাছে ঝুলছে সুমিষ্ট ও রসালো আম। তবে সুপরিপক্ব হওয়ার জন্য ২২ মের আগে আম সংগ্রহ করা যাবে না। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন আম। অপরিপক্ব আমের বাজারজাতকরণ ঠেকাতে জেলা প্রশাসন এবারও আম সংগ্রহের সময় ঘোষণা করেছে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণ থাকলে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে।

আজ রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আম সংগ্রহের সময় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আলোচনায় নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে এ বছরের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। সময় অনুযায়ী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। এ ছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরশাপাতি বা হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো এবং আগামী ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মণ্ডলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ টন। এবার শুধু নওগাঁ জেলা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পরিপক্ব আম নামানোর জন্য এই সময়সূচি। ২২ মে থেকে চাষিরা গুটি আম সংগ্রহ করতে পারবেন। কোনো দুর্যোগ দেখা দিলে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আমও সংগ্রহ করতে পারবেন। তবে অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ করতে জেলাজুড়ে প্রচারণা চালানো হবে। নওগাঁর আমের সুনাম যাতে ক্ষুণ্ন না হয়, এ জন্য আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ