হোম > সারা দেশ > নওগাঁ

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিশৃঙ্খলা, মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও বিএনপি নেতা পরিচয়দানকারী আলাউদ্দিন। ছবি: সংগৃহীত

‎‎নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভায় এক মুক্তিযোদ্ধা তাঁর বক্তব্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় বিশৃঙ্খলা শুরু হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে লাঞ্ছিত ও প্রকাশ্যে মাইকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে আলাউদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে দ্রুত তদন্ত ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধাকে হেনস্তার এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। বক্তব্যের শেষ দিকে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে তাৎক্ষণিকভাবে তিনি এমন স্লোগান ভুলবশত দিয়েছেন বলে সভাস্থলেই দুঃখ প্রকাশ করেন।

এ সময় বৈঠকে উপস্থিত হাজিনগর ইউনিয়নের মাকলাহাট গ্রামের বাসিন্দা আলাউদ্দিন নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তিনি ও তাঁর সহযোগীরা বীর মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন বলে অভিযোগ ওঠে। প্রবীণ ওই মুক্তিযোদ্ধাকে সভাস্থলের মাইকে সবার সামনে পুনরায় ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এই ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ, সুধী সমাজ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন,‎ ‘আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। সময়ের পরিপ্রেক্ষিতে এখন এই স্লোগান দেওয়া যে কারও জন্য বিপজ্জনক। গতকাল সভায় মুখ ফসকে জয় বাংলা বলার পর আমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করলেও আমাকে সবার সামনে লাঞ্ছিত করা হয় এবং মাইকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।’

এ বিষয়ে হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ বলেন,‎ ‘আলাউদ্দিন নিজেকে বিএনপি নেতা দাবি করলেও বাস্তবে তাঁর কোনো সাংগঠনিক পদ নেই। সে রাজনৈতিক সুবিধা নিতে বিএনপির নাম ব্যবহার করছে। অতীতে তার বিরুদ্ধে ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

অন্যদিকে অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি নিজেকে যুবদলের কর্মী বলে দাবি করলেও যুবদলের কোনো পদ বা সাংগঠনিক পরিচয়ের প্রমাণ দেখাতে পারেননি।

আলাউদ্দিন বলেন, ‘মিজানুর রহমান বক্তব্যের একপর্যায়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। সঙ্গে সঙ্গে আমিসহ কয়েকজন প্রতিবাদ করি। সবাই যখন উত্তেজিত হয়ে যায়, তখন বিষয়টি অন্যদিকে চলে যায়। পরে মিজানুর রহমান মাইকে সবার কাছে ক্ষমা চান। এখন আমাকে একাই দায়ী করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, এমন ঘটনা তিনি জানেন না। আর এ নিয়ে কেউ তাঁর কাছে কোনো অভিযোগও করেননি।

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ