হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় এমপির বাড়িতে নিয়ে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ

 নওগাঁ প্রতিনিধি

বিএনপির এক অংশের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারীর (টিপু) বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির একটি অংশের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। ওই বিএনপি নেতা বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী জানান, গতকাল রোববার দুপুরে মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড় এলাকা থেকে এমপির এপিএস মোহাম্মদ আলীসহ ১০-১২ জন লোক তুলে নিয়ে যান। তাঁরা সেখান থেকে আবুল কালাম আজাদকে পেটাতে পেটাতে প্রায় ৩০০ মিটার দূরে প্রসাদপুর বাজারের হাসপাতাল রোডে এমপি ইকরামুল বারীর বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে এমপির বাড়ির নিচতলায় তাঁকে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন ও মারধর করেন তাঁরা। মারধরের একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে এমপির বাড়ির সামনে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়। পরে সেখানে উপস্থিত বিএনপির অন্য নেতা-কর্মীরা ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচনে বিজয়ের পরপরই এমপি ইকরামুল বারী দলীয় ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আঁতাতে লিপ্ত হয়েছেন। তিনি ত্যাগী ও বিএনপি নেতা-কর্মীদের ওপর তাঁর নিজস্ব গুন্ডাবাহিনী দ্বারা নির্যাতন চালিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এমপি ইকরামুল বারীর কর্মকাণ্ডের বিচার চেয়ে শফিকুল বলেন, এমপি ইকরামুল বারীর বিরুদ্ধে আনীত অভিযোগ সরকারি ও দলীয় সোর্সের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তাঁর চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। গুরুতর আহত নেতা আবুল কালাম আজাদ ও শামসুল ইসলাম বাদলের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার ও শামসুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন আহত বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘গতকাল বিকেলে প্রসাদপুর বাজারে বিএনপির পার্টি অফিসে যাওয়ার উদ্দেশে বের হই। যাওয়ার পথে প্রসাদপুর চৌরাস্তায় পৌঁছালে মোহাম্মদ আলী, গোল্ডেনসহ ১০-১২ জন লোক আমাকে মারধর করতে শুরু করে। তারা একপর্যায়ে টেনেহিঁচড়ে আমাকে সেখান থেকে এমপির বাড়িতে নিয়ে যায়। এমপির বাড়ির নিচতলায় নিয়ে গিয়ে তারা আমাকে মারধর করে।

‘মারধর করতে করতে মোহাম্মদ আলী বলে, ‘‘তোকে যদি মান্দা উপজেলার বিএনপি কমিটির লোকজনের সঙ্গে কর্মসূচি পালন করতে দেখি, তাহলে প্রাণে মেরে ফেলব।’’ এ ঘটনায় আমি মামলা করব এবং জেলা ও কেন্দ্রীয় বিএনপি বরাবর অভিযোগ করব।’

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য ইকরামুল বারী টিপু বলেন, ‘যে ঘটনার বিষয়ে অভিযোগ করা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সংসদ অধিবেশন চলার কারণে বেশ কয়েক দিন ধরে আমি এলাকায় নেই। বলা হচ্ছে, আমার এপিএস মারধর করেছে, প্রকৃতপক্ষে আমার কোনো এপিএস কিংবা পিএস নাই। দলীয় কোনো নেতা-কর্মীদের কলহ হলে এ ঘটনার বিচার করবে উপজেলা কিংবা জেলা বিএনপি। এ ছাড়া মারামারির ঘটনা প্রকৃতপক্ষে ঘটে থাকলে থানায় মামলা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এতে যে-ই অপরাধী হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে।’

ইকরামুল বারী আরও বলেন, ‘উপজেলা বিএনপির একটি অংশ নির্বাচনের আগে থেকেই আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছে। এখনো ওই পক্ষ সক্রিয় রয়েছে। আশা করি, তাদের কোনো চক্রান্ত সফল হবে না।’

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, ‘গতকাল ঘটনাটি ঘটার পর একটি পক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে। এরপর আমিই আহত বিএনপি নেতাকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করেছি। যেহেতু দলীয় কর্মীকে মারধর করা হয়েছে, বিষয়টি তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁয় ফুয়েল অ্যাপে তেল বিক্রি, গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া

নওগাঁর মহাদেবপুর: সড়ক নেই, অচল আত্রাই সেতু

সড়কে রশি টেনে ডাকাতি, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৪

বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

নারী সেজে তেল নিতে গিয়ে ধরা খেলেন যুবক

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, বদলগাছী কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা

নওগাঁয় বাসের ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার

রাণীনগরে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, দুই মাসে প্রাণ গেল ১১ জনের

নওগাঁয় বেড়েছে হামের প্রাদুর্ভাব, চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ