হোম > সারা দেশ > ঝিনাইদহ

প্রধানমন্ত্রীর সফলতা কামনায় পরাজিত এমপি প্রার্থীর ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারিতে পণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের নলডাঙ্গা স্ট্যান্ডের পাশে ফাঁকা স্থানে ইফতার মাহফিলের প্যান্ডেলে পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের ইফতার মাহফিলের অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রোববার (৮ মার্চ) একই স্থানে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ইফতার মাহফিলের ঘোষণা দেওয়ায় উত্তেজনা দেখা দেয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সবির কুমার স্বাক্ষরিত এক চিঠিতে ফৌজদারি কার্যবিধির ৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়। দুপুরের পর ফিরোজের অনুষ্ঠান বন্ধ করার জন্য নির্দেশ দেয় পুলিশ। এ ছাড়া ১৪৪ ধারা জারির বিষয়টি স্থানীয় বাসিন্দাদের অবগত করতে শহরে মাইকিং করা হয়। দুপুর থেকে ইফতারের সময় পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে।

জানা গেছে, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সাইফুল ইসলাম ফিরোজ কালীগঞ্জ নলডাঙ্গা স্ট্যান্ডের পাশে ফাঁকা স্থানে প্যান্ডেল ও মঞ্চ তৈরি সম্পন্ন করেন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলের আদেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, আজ সাইফুল ইসলাম ফিরোজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। দুপুর থেকে হাফেজরা পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করেন।

এদিকে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে একই স্থানে ও একই সময়ে ইফতার মাহফিলের ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের উত্তেজনা দেখা দেয়। ফলে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা সৈনিক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমি তারেক রহমানের সফলতা ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কর্মসূচির আয়োজন করেছিলাম। এখন আপনাদের মাধ্যমে শুনছি, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা রক্ষায় মাহফিল না করে অন্যত্র করার ব্যবস্থা নিয়েছি।’

কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার