হোম > সারা দেশ > জামালপুর

ঈদের পর বিদেশ যাওয়া হলো না মিলনের, পেট্রল কিনতে বেরিয়ে প্রাণ গেল সড়কে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

জামালপুরের ইসলামপুর থানা। ছবি: সংগৃহীত

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপনের পরেই চাকরি করতে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিলন মিয়া (২২)। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাদী গ্রামের এই যুবক।

ঈদের আগের দিন আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

মিলন মিয়া শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাদী গ্রামের মো. লাভলু মিয়ার ছেলে। আগামীকাল শনিবার ঈদুল ফিতরের পর তাঁর মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরির খাবার খাওয়ার পর মোটরসাইকেলের জন্য পেট্রল কিনতে পাশের বকশীগঞ্জ পৌর শহরের একটি ফিলিং স্টেশন যান মিলন মিয়া। তিনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় অপর দুটি মোটরসাইকেলে রিপন ও আনোয়ার নামের তাঁর দুই সহপাঠী ছিলেন। ওই ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পরও পেট্রল পাননি তাঁরা।

পরে আজ ভোরের দিকে মিলন মিয়াসহ তাঁর দুই সহপাঠী পেট্রল কিনতে মোটরসাইকেল চালিয়ে শেরপুর শহরের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-বকশীগঞ্জ সড়কে দত্তপাড়া এলাকায় টানা ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন মিলন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর সহপাঠীরা মিলনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

মিলনের চাচাতো ভাই সোহাগ মিয়া বলেন, ‘আগামীকাল (শনিবার) ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে মিলনের মালয়েশিয়ায় যাওয়া কথা ছিল। মোটরসাইকেলে করে ঈদের দিন আত্মীয়স্বজনদের বাড়িতে দেখা করতে যাবেন, এ জন্য তিনি পেট্রল কিনতে বের হয়েছিলেন। কিন্তু তাঁর আর সেই পেট্রল কিনে বাড়িতে ফেরা হলো না।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মিলন মিয়া নামের এক যুবক মারা গেছেন। ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুরে ২০টি গ্রামে ঈদ উদ্‌যাপন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে

গরম-ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড়, চিকিৎসক ছুটিতে থাকায় ভোগান্তি

জামালপুরে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ

জামালপুরে ইয়াবাসহ ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

থানার প্রবেশপথে জলাবদ্ধতায় ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ শ্রমিক আহত

অবশেষে ইসলামপুরে দুস্থদের মাঝে বিনা মূল্যের চাল বিতরণ শুরু

ইসলামপুরে নির্ধারিত দিনে ভিজিএফ চাল বিতরণ হয়নি, দুস্থদের মধ্যে ক্ষোভ

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ভিজিএফ কার্ডের ভাগ না পাওয়ায় বকশীগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ